ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হচ্ছে না যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের।
অন্য কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার জন্য তার সঙ্গে ব্লেকের সাক্ষাৎ হচ্ছে না বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
স্পর্শকাতর বিষয় উল্লেখ করে ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রবার্ট ব্লেকের সঙ্গে এর আগে তিনবার সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী এবং আমি যত দূর জানি শিডিউলে সমস্যার কারণে এবার ব্লেকের সঙ্গে বৈঠক করছেন না তিনি।”
শনিবার ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও তৈরি পোশাক খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রবার্ট ব্লেক।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সোমবার দেখা করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মতভেদ দেখা দেয়ার পর ব্লেকের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা না হওয়ায় অন্য কোনো বিষয় নেই বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।
তিনি বলেন, “বাংলাদেশি পণ্য রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাছাড়া এরাই সবচেয়ে বড় বিনিয়োগকারী। তাই যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বাদ দেয়ার কোনো সুযোগ নেই।”
বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র দেশের আশুলিয়ায় পোশাক কারখানায় সর্বসাম্প্রতিক অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানি নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসছে। কারখানার শ্রম পরিবেশ নিয়েও অসন্তোষ রয়েছে তাদের।
ঢাকা টিকফা চুক্তিতে সই না করলেও ওয়াশিংটনের কোনো সমস্যা নেই- উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, এটা সই না করলে পরবর্তীতে বাংলাদেশ সমস্যায় পড়তে পারে।
“যুক্তরাষ্ট্র এটা স্পষ্ট করেছে যে, টিকফা চুক্তি সই হওয়া নির্ভর করবে বাংলাদেশের ইচ্ছার ওপর এবং ওয়াশিংটন এটা স্বাক্ষরের জন্য ঢাকাকে চাপ দেবে না।”
গত চার বছর ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) চুক্তি নিয়ে সমঝোতা আলোচনা চলছে। কিন্তু সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/০১৩৪ ঘ.
bdnews24