২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টসে আগুন পরিকল্পিত: মুহিত

সম্প্রতি দেশের একাধিক তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 01:18 PM

Updated : 25 Apr 2022, 10:00 PM

সিলেট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রতি দেশের একাধিক তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, এসব ঘটনার তদন্ত চলছে, এরপরই ব্যবস্থা নেয়া হবে।

রোববার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গণ আহতের চিকিৎসা ও অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ মোকাবেলা নিয়ে এক মহড়া দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফ যৌথভাবে মহড়ার আয়োজন করে।

গত ২৪ নভেম্বর সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস নামে একটি গার্মেন্টসে আগুন লেগে ১১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বহু শ্রমিক আহত হন।

এসব ঘটনার পর গত ২৬ নভেম্বর প্রধানমন্ত্রীও সংসদে তার বক্তব্যে আগুন লাগার ঘটনা পরিকল্পিত বলে মন্তব্য করেন।

ক্রমাগত দেশের জনসংখ্যা বাড়ার কারণে অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগুনের ঘটনা মোকাবেলায় সরকার ফায়ার সার্ভিসকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।

মহড়া অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সিলেটের সিভিল সার্জন ডা. কামরুল ইসলাম, ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট-এর উপ-পরিচালক এরফান আলী সোনার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. ইহতেশামুল হক দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯১৩ ঘ.