২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেসরকারি খাতের সামর্থ্য কাজে লাগাতে চাই’

দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে সরকার বেসরকারি খাতের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 06:20 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে সরকার বেসরকারি খাতের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে হোটেল রূপসী বাংলায় পিপিপি গ্লোবাল ইনভেস্টরস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বেসরকারি খাতের উদ্যোক্তাদের প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশে রয়েছে একটি গতিশীল বেসরকারী খাত। যারা সৃষ্টিশীলতা, সময়োপযোগী খাপ খাওয়ানো ও ঝুঁকি মোকাবেলায় দক্ষ হিসেবে বিশ্বের স্বীকৃতি অর্জন করেছে।” “সরকার দেশের অগ্রগতিকে আরো বেগবান করতে, জনগণকে আরো বেশি সেবা দিতে ও বেসরকারি খাতের সামর্থ্য পুরোপুরি কাজে লাগাতে তাদের সাথে আরো নিবিড়ভাবে কাজ করতে চায়”, বলেন প্রধানমন্ত্রী। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির মাধ্যমে উন্নয়নের নতুন যুগের সূচনা হবে- এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তার সরকার এ ধরনের উদ্যোগে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী গত কয়েক বছরে অর্থনীতি ও বাণিজ্যবান্ধব পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের বিষিয়গুলো তুলে ধরেন এবং দেশের সম্ভাবনার কথা বিনিয়োগকারীদের জানানোর তাগিদ দেন। তিনি বলেন, “দেশে বাণিজ্য বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কথা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জানানোর এটাই উত্তম সময়।” বিজয়ের মাস ডিসেম্বরে এ সম্মেলনের আয়োজন করায় পিপিপি অফিস ও বিনিয়োগ বোর্ডকে ধন্যবাদ জানান তিনি। গত কয়েক বছরের অগ্রগতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব বাংলাদেশকে বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বের নামকরা সংস্থাগুলো সম্প্রতি বলেছে যে এই অঞ্চলে বাংলাদেশ পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিনে পরিণত হবে। এ জন্য আমরা গর্বিত।” তিনি জানান, চলতি বছরের শুরুতে সিএনবিসি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি অর্জনে পঞ্চম শীর্ষ দেশ হিসেবে উল্লেখ করেছে। গত জানুয়ারিতে প্রকাশিত এইচএসবিসির ‘২০৫০ সালে বিশ্ব’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছয়গুণ বৃদ্ধি পাবে। গত চার বছরে দেশের মাথাপিছু বার্ষিক আয় ৬৩০ ডলার থেকে বেড়ে ৮৫০ ডলার হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সিটিগ্রুপ বাংলাদেশকে উচ্চ প্রবৃদ্ধি ও লাভজনক বিনিয়োগের দেশ হিসেবে আখ্যায়িত করেছে। গোল্ডম্যান শ্যাস বাংলাদেশকে ‘ব্রিক’ এর পর ‘পরবর্তী এগারো’ তে অন্তর্ভুক্ত করেছে। জেপি মরগান বাংলাদেশকে ‘ফ্রন্টিয়ার ফাইভ’ ভুক্ত করেছে। বিনিয়োগ সুরক্ষার ক্ষেত্রে ভারত, চীন ও ভিয়েতনামের উপরে বাংলাদেশের অবস্থান।” বিশ্বমন্দার মধ্যেও গড়ে প্রায় সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখা এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’স ও মুডিসের ঋণমান সূচকে বাংলাদেশের অবস্থান স্থিতিশীল থাকার বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে পিপিপি আইন প্রণয়নের উদ্যোগের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিপরিষদ কমিটির চেয়ারম্যান হিসাবে অর্থমন্ত্রী পিপিপি কর্মসূচির সার্বিক দেখভাল করবেন। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচনসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ‘রূপকল্প ২০২১’ এর লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা উন্নয়নের সঠিক পথে এগুচ্ছি। তাই বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের লক্ষ্য অর্জনে অবকাঠামো খাতে বিনিয়োগ বর্তমানে জিডিপির ২ শতাংশ থেকে ৬ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছি।” বিনিয়োগ বাড়াতেই সরকার পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে জাতীয় বাজেটের ওপর তেমন চাপ পড়বে না। আবার জনকল্যাণও নিশ্চিত হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৭৫ শতাংশ বিনিয়োগ পিপিপির মাধ্যমে করার পরিকল্পনার কথাও সরকারের কাছে তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জানান, লাগসই পিপিপি প্রকল্প তৈরির জন্য একটি পৃথক পিপিপি অফিস স্থাপন করা হয়েছে। এ কার্যালয়ের গতিশীলতা বাড়াতে একে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় রাখা হয়েছে। সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, এ সম্মেলনে নীতিনির্ধারক, বাস্তবায়নকারী, উন্নয়ন অংশীদার, ঋণদাতা ও বিনিয়োগকারীরা পিপিপি প্রকল্প গ্রহণের লক্ষ্যে সুনির্দিষ্ট সুপারিশ করবেন। যেগুলো পিপিপি কর্মসূচিকে আরো কার্যকর করতে অবদান রাখবে।” বক্তব্যের শেষে মঞ্চে রাখা একটি ক্রিস্টাল বলে হাত রেখে পিপিপি গ্লোবাল ইনভেস্টরস ফোরামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোর প্রশংসা করে বলেন, “এখানে বিশ্বমানের কাজ হয়।” বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকারকে বহুমুখী ব্যবস্থা নেয়ার আহবান জানান গোল্ডস্টেইন। তিনি বলেন, ভারতের মতো বাংলাদেশেও পিপিপির ভিত্তিতে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর এ বিষয়ে বক্তব্য দেন পিপিপি অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ এইচ উদ্দিন। সমাপনী বক্তব্য দেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. সৈয়দ এ সামাদ। অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, এফবিবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজদ, এডিবির বাংলাদেশ প্রতিনিধি তেরেজা খো, আইডিবির প্রতিনিধি ইকবাল করিম, জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২১৪ ঘ.