ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক খাতে দ্রুত ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ বাস্তবায়নের জন্য শিল্পর মালিকদের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
বৃহস্পতিবার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে এক বৈঠকে এই পরামর্শ দেন তিনি।
বিজিএমইএ সহসভাপতি ফারুক হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাজরিন ফ্যাশনসে আগুনের পর পোশাক কারখানাগুলোয় অগ্নিনিরাপত্তার জন্য কী করছে, তা জানতে এসেছিলেন রাষ্ট্রদূত।
“আমরা আমাদের উদ্যোগগুলো তাকে জানিয়েছি। তিনিও এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।”
বুধবার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানেও মজিনা বেটার ওয়ার্ক প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, তা করতে পারলেই যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেতে পারে বাংলাদেশ।
বেটার ওয়ার্ক প্রোগ্রাম হচ্ছে শ্রম মান উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প।
২০০৯ সালে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার প্রস্তাব নিয়ে বাংলাদেশ ওয়াশিংটনে গেলে যুক্তরাষ্ট্রের এই কর্মসূচি বাস্তায়নের পরামর্শ দেয়।
গত কয়েকমাস ধরেই এ কর্মসূচি বাস্তবায়নে সরকার ও বিজিএমইএ’কে কাজ করার পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
বৈঠকে উপস্থিত বিজিএমইএ’র এক নেতা জানান, তাজরিনের মতো ঘটনা যেন আগামীতে আর না ঘটে সেজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি প্রকল্প নিয়ে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন রাষ্ট্রদূত।
এছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া এবং শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন ড্যান মজিনা।
তাজরিনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা কাটিয়ে তুলতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন বিজিএমইএ নেতারা। তিনিও এই বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন।
ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক
ড্যান মজিনা ছাড়াও বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বিজিএমইএ নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।
তাজরিনের ঘটনার পর বিজিএমইএ কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চান তিনিও।
বিজিএমইএ নেতারা তাকে জানান, তারা একটি টাস্কফোর্স গঠন করেছেন। ওই টাস্কফোর্স কারখানাগুলো জরিপ করে তাদের সমস্যা সমাধানের জন্য সময় দেবে। ওই সময়ের মধ্যে কারখানাগুলো সমস্যা সমাধান না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পাশাপাশি নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া, তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়াসহ বিভিন্ন উদ্যোগের কথাও জানানো হয় হানাকে।
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি ফারুক হাসানসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/২৩১৮ ঘ.
bdnews24