২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে অনুসন্ধান নতুন পিএসসিতে দরপত্র আসছে

সাগরের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে, যাতে গ্যাস রপ্তানির সুযোগ থাকছে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরের ১২টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে, যাতে গ্যাস রপ্তানির সুযোগ থাকছে না বলে জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থার চেয়ারম্যান হোসেন মনসুর বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বানের ঘোষণা দেয়া হবে। গত সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত মডেল পিএসসি (উৎপাদন-বণ্টন চুক্তি) ২০১২ এর আওতায় এই দরপত্র আহ্বান করা হচ্ছে। এবারই প্রথম বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে তেল-গ্যাস উত্তোলনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের অংশীদারিত্বের সুযোগ রাখা হচ্ছে। ২০০৮ এর পিএসসির সঙ্গে ২০১২ এর পিএসসির পার্থক্য জানতে চাইলে হোসেন মনসুর বলেন, “এবারের পিএসসিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এবার অনুসন্ধানের পর তেল-গ্যাস পাওয়া গেলে তা রপ্তানির সুযোগ বন্ধ করা হয়েছে।” এর আগে মডেল পিএসসি ২০০৮-এ গ্যাস রপ্তানির সুযোগ রাখা ছিল। ওই পিএসসিতে বলা হয়েছিল, সরকার বা বাংলাদেশের কোনো কোম্পানি গ্যাস না কিনলে তা তরল আকারে (এলএনজি) রপ্তানি করার সুযোগ পাবে উত্তোলনকারী প্রতিষ্ঠান। ওই পিএসসির আওতায় ডাকা দরপত্রে মনোনীত হয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক কনোকো ফিলিপস বর্তমানে বঙ্গোপসাগরের দুটি ব্লকে অনুসন্ধান চালাচ্ছে। বাপেক্সের অংশীদারিত্বের বিষয়ে পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, “অগভীর সমুদ্র ব্লকে বিদেশি কোম্পানির সঙ্গে ১০ শতাংশ অংশীদারিত্বের সুযোগ পাবে বাপেক্স।” পেট্রোবাংলার পরিচালক (ডিএসসি) ইমাদ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী মার্চের মধ্যে দরপত্র জমা নেয়ার কাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে কাজ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে।” ইমাদ উদ্দীন বলেন, “আমরা আশা করছি, উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানি দরপত্র জমা দেবে।” নতুন মডেল পিএসসিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সমুদ্রবক্ষের যে ১২টি ব্লকে অনুসন্ধান চালানোর জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে সেগুলোর মধ্যে অগভীর সমুদ্রে ৯টি ও গভীর সমুদ্রে ৩টি ব্লক আছে। এগুলোর মধ্যে ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর ব্লক রয়েছে অগভীর সমুদ্রে। আর গভীর সমুদ্রে রয়েছে ১২, ১৬ ও ২১ নম্বর ব্লক। গভীর ও অগভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে গত ১১ সেপ্টেম্বর উৎপাদন বণ্টন চুক্তি (পিএসসি) ২০১২ অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আগে ১৯৯৩, ১৯৯৭ এবং ২০০৮ সালে মডেল পিএসসির আওতায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএএইচ/এমআই/২১০৩ ঘ.