ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হবে না।
বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ইচ্ছে করলেই কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। কোনো শক্তিই উন্নতি ঠেকাতে পারবে না।
“যদি রাজনৈতিক পরিবর্তনও হয়, তবুও বিদ্যুতের যে কার্যক্রম নেয়া হয়েছে, তাতে পরিবর্তন আনা সম্ভব নয়।”
গণমাধ্যমে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি প্রায় দেড় যুগ ধরে উন্নতির পথে। সেই উন্নয়ন এখন আরো গতি পেয়েছে। গত তিন বছর বিশ্ব যখন অর্থনৈতিক সঙ্কট পার করছিল, তখন তা আমরা দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছি।
“এই সময়ে বিশ্বের যে সব দেশ সবচেয়ে ভালো উন্নতি করেছে, সেখানে বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে।”
অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, গত তিন বছরে ৪১ শতাংশ প্রবৃদ্ধি করে সেরা অবস্থানে রয়েছে চীন, এরপরই ৩২ শতাংশের বেশি প্রবৃদ্ধি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
২৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া। তুরস্ক রয়েছে চতুর্থ অবস্থানে, যার প্রবৃদ্ধি ২৮ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ গত তিন বছরে ২৩ শতাংশ প্রবৃদ্ধি করে পঞ্চম অবস্থানে রয়েছে।
মুহিত বলেন, “বাংলাদেশের এই অবস্থানের বিশেষত্ব হল প্রতি বছর একটি জায়গায় অবস্থান করতে পারা। অনেক দেশ কোনো একটি বছর ভালো করেছে, পরে আবার তা করতে পারেনি, যেমন ব্রাজিল। আমাদের সেরকম হয়নি। আমরা ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে শুরু করেছিলাম, এখন তা ৬ দশমিক ৭ শতাংশ।”
অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধির স্থিতিশীলতা সুলক্ষণ। কৃষিখাতে অত্যন্ত স্থিতিশীল প্রবৃদ্ধি হচ্ছে। প্রতিবছর কৃষি খাত ৪ শতাংশ হারে বাড়লে সে দেশ একটা বিশেষ অবস্থানে চলে যায়। বৈশ্বিক মন্দার মধ্যেও শিল্প খাত ভালো করছে।
“তবে এই মুহূর্তে ২০ লাখের মতো বেকার রয়েছে। প্রতিবছর আরো ১৮ লাখ নতুন কর্মী যোগ হচ্ছে। এই কর্মীদের জন্য প্রতিবছর ২৩ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। কিন্তু আমরা তা করতে পারছি না,” হতাশার কথা বলেন তিনি।
পরেই মুহিত বলেন, “বাংলাদেশে অবশ্য প্রচ্ছন্ন বেকার বেশি। প্রকট বা প্রকৃত বেকার বাড়ছে ৪ শতাংশ। এটা একটা বিরাট সমস্যা।”
বেকার সমস্যা ছাড়াও চাষযোগ্য জমি কমে যাওয়াকেও সমস্যা হিসেবে চিহ্নিত করেন মুহিত। এজন্য কৃষি ব্যবস্থায় সংস্কারের কথাও বলেন তিনি।
বিনিয়োগের অভাবে শিল্প খাতের প্রয়োজনীয় বিকাশ হচ্ছে না বলেও মনে করেন অর্থমন্ত্রী।
“বর্তমানে দেশে ৫ কোটি মানুষের বাজার রয়েছে, যা ২০ বছর আগে ছিল ১ কোটি ২০ লাখ মানুষের। এই বিশাল বাজার উন্নয়নের পথ হতে পারে। তবে এক্ষেত্রে প্রতিবন্ধকতা হল বিনিয়োগ।”
বর্তমান অবস্থায় বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ সরকারের প্রত্যাশা হলেও তা আসছে ১ দশমিক ২ বিলিয়ন ডলার, জানান তিনি।
প্রশাসনে দুর্নীতি থাকার কথা স্বীকার করে তা নির্মূলে তথ্য প্রযুক্তির প্রসারের ওপর জোর দেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মাঈনূদ্দীন। ইআরএফ সভাপতি খাজা মঈনুদ্দীন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী তিন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন। ব্যাংকিং খাতের রিপোর্টিংয়ের জন্য প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ, সাধারণ অর্থনীতি বিভাগে ইনকিলাবের উপপ্রধান প্রতিবেদক সালাউদ্দিন বাবলু, ব্যবসা-বাণিজ্যে (টেলিভিশন) মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুল ইসলাম এবার পুরস্কার পেয়েছেন।
অনুষ্ঠানে ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে ইআরএফের পক্ষ থেকে আজীবন সম্মাননা দেয়া হয়। ইআরএফ এই প্রথমবারের মতো কাউকে বিশেষ সম্মাননা দিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এমআই/২২১০ ঘ.
bdnews24