২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগে চীনের প্রতি আ. লীগের আহ্বান

বাংলাদেশে আরো বেশি মাত্রায় বিনিয়োগে চীনের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 02:37 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে আরো বেশি মাত্রায় বিনিয়োগে চীনের প্রতি আহবান জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আখতারুজ্জামানের নেতৃত্বে আট সদস্যদের একটি প্রতিনিধিদল চীন সফরে রয়েছে। ক্ষমতাসীন দলের এই প্রতিনিধিদলটি বুধবার দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির আন্তর্জাতিক বিভাগ সম্পর্কিত উপ-মন্ত্রী অর চরহমের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের এ আহবান জানায়। আখতারুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদলটি কমিউনিস্ট পার্টি কার্যালয়ে অর চরহমের সঙ্গে দেখা করেন। বৈঠক প্রসঙ্গে আখতারুজ্জামান চৌধুরী বলেন, “আমরা বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য আহবান জানিয়েছি। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করার কথাও উল্লেখ করা হয়েছে।” বৈঠকে দারিদ্র্য দূরীকরণ এবং তৃণমূল পর্যায়ের উন্নয়নে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। দারিদ্র্য দূরীকরণে চীনের অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ সময় চীনের কমিউনিস্ট পার্টির সর্বশেষ কংগ্রেসে নির্বাচিত নতুন নেতৃত্বকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে অভিনন্দন জানান প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার-চীন সড়ক যোগাযোগের জন্য দুই দেশকে আরো উদ্যোগী হতে হবে বলে উভয়পক্ষ মতপ্রকাশ করেন। আট সদস্যের এই প্রতিনিধিদলে রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল এবং কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিৎ রায় নন্দী ও এনামুল হক শামীম রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০১৬ ঘ.