২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বাড়ানোর পক্ষে মুহিত

আইএমএফের সুপারিশের পর অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম ‘যথাসময়ে’ বাড়ানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর পক্ষে নিজের অবস্থান জানিয়ে এই মৌসুমেই সে সিদ্ধান্ত নেয়া উচিৎ বলে মত প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি এই মত সাংবাদিকদের জানান। সংস্থাটি ডিসেম্বরের মধ্যে তেলের দাম বাড়ানোর সুপারিশ জানিয়ে আসছে। অর্থমন্ত্রী বলেন, “আমাদের আলোচনা হয়েছে, এটা যথাসময়ে করতে হবে। এজন্য শীতের শুরু একটা ভালো সময়। তবে সেই যথাসময়টা আমরা এখনো তাদের বলিনি। “সেই রকম অবস্থায় রয়েছে, এর বেশি আলোচনা হয়নি।” আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সরকারের ভর্তুকি বাড়ছে বলে এর আগেও জানিয়েছিলেন মুহিত। জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্তটি নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিনিয়ত তেলের দাম সমন্বয়ের একটি সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। মুহিত বলেন, জ্বালানি তেলের দামের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে কাজ চলছে। গত ২৮ নভেম্বর এক সেমিনারেও জ্বালানি তেলের দাম বাড়ানোর পক্ষে যুক্তি দেখিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ না করায় ভর্তুতি বাড়ছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে ডিজেলকে বাইরে রাখা হবে বলে ওই সেমিনারে বলেছিলেন মুহিত। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট সংশোধন নিয়ে কথা হয়েছে বলেও জানান মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯৪৮ ঘ.