২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় হবে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

ভোলায় গ্যাসভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব ছাড়াও ১৩টি প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় একটি গ্যাসভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। আরো ১৩টি প্রকল্প অনুমোদন পেয়েছে এই বৈঠকে। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাস্তবায়নে সরকারের ব্যয় হবে এক হাজার ৫৩২ কোটি টাকা। এ জেলায় ২০ বছর আগে গ্যাস পাওয়া গেলেও এতদিন তা কাজে লাগানো হয়নি। সরকারি পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে এক লাখ মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। এজন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও ওসিপি এস.এ, মরক্কোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এক লাখ টন সারের মধ্যে ৫০ হাজার টন টিএসপি এবং ৫০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে’র (ডব্লিউএমআইপি) আওতায় সিরাজগঞ্জ হার্ডপয়েন্টের বিভিন্ন সেকশনে এক হাজার ৯৩৪ মিটার দৈর্ঘ্যরে প্রতিরক্ষা বাঁধ শক্তিশালী করার কাজের সর্বনিম্ন দরদাতার দরপত্র অনুমোদন পেয়েছে একই বৈঠকে। এ ছাড়া কর্ণফুলী ইপিজেড এলাকায় কর্মজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য চারটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পাওয়া অন্যান্য প্রস্তাবের মধ্যে জাইকার অর্থায়নে পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন (আপ-গ্রেডেশন) প্রকল্পের জন্য ৬৯ কোটি টাকার মালামাল এবং গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন (আপ-গ্রেডেশন) প্রকল্পের আওতায় ৪৫ কোটি টাকার বিভিন্ন সামগ্রী কেনার দরপত্র, ২০১৩ সালের জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত মেয়াদে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রক্রিয়াকরণের জন্য আবুধাবি এবং সৌদি আরব থেকে ক্রুড অয়েল ও অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল (এএলসি) আমদানি, কোরিয়া এক্সিম ব্যাংকের দেয়া সরল সুদের ঋণের বাস্তবায়নাধীন ‘উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)’ প্রকল্পের জন্য ২৬২ কোটি টাকার বিভিন্ন পণ্য কেনার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহেন্সমেন্ট প্রজেক্টে’র আওতায় ‘ডেভেলপিং দ্য রিডিং হ্যাবিট’ প্রকল্পের পরিচালনার লক্ষে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ‘বিশ্ব সাহিত্য কেন্দ্রে’র সঙ্গে সম্পাদিত চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পে ছয় হাজার ৭০০ স্কুলের জন্য মোট ২৪ কোটি টাকা ব্যয় হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিইটিএ’র ছয়টি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সংগ্রহ সংক্রান্ত ক্রয় প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য মোট ব্যয় হবে ১৬৪ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএএইচ/এএল/২০১৪ ঘ.