ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে ঢাকা পৌঁছেছেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের তিন সদস্য।
এই পর্যবেক্ষক দলের প্রধান ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো শনিবার বিকেল ৪টায় ইত্তেহাদ এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা পৌঁছান। তিনি রাত কাটান ওয়েস্টিন হোটেলে।
রাতে পর্যবেক্ষক দলের বাকি দুই সদস্যও ঢাকা পৌঁছান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা (কমিউনিকেশন্স) মেহেরিন এ আহমেদ।
এই দুজন হলেন হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি ওকাম্পো বা পর্যবেক্ষক দলের অন্য কোনো সদস্য।
তিন পর্যবেক্ষক রোববার সকালে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বসবেন তারা।
রোববার দুপুরে ওই বৈঠক হতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক ছাড়াও পর্যবেক্ষণ দলের সদস্যরা এডিবি, জাইকা এবং আইডিবির স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা।
ওকাম্পোর নেতৃত্বাধীন এই প্যানেলের প্রতিবেদনের ওপরই ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়টি নির্ভর করছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে গত অক্টোবরে তারা প্রথম দফা ঢাকা সফর করেন।
পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ১২০ কোটি ডলারের ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্ব ব্যাংক। তবে সরকারের তৎপরতায় ‘শর্তসাপেক্ষে’ এ প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি। এরপরই তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে তারা।
প্রথম দিকে তদন্তে দুর্নীতির তথ্য-প্রমাণ না পাওয়ার দাবি করলেও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান সম্ú্রতি জানিয়েছেন, প্রকল্পের কাজ পাওয়ার জন্য ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ তথ্য পেয়েছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৯৩২ ঘ.
bdnews24