পদ্মা সেতু: ঢাকায় ওকাম্পো
শনিবার কোনো কর্মসূচি নেই বিশ্ব ব্যাংক প্যানেলের। রোববার তারা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বিমানবন্দরে ওকাম্পোর বক্তব্য জানতে সাংবাদিকরা উপস্থিত হলেও তিনি কারো সঙ্গে কথা বলেননি।
পর্যবেক্ষণ দলের বাকি দুই সদস্য রাতে আসবেন বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা (কমিউনিকেশন্স) মেহেরিন এ আহমেদ।
ওকাম্পো নেতৃত্বাধীন এই দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
শনিবার কোনো কর্মসূচি নেই বিশ্ব ব্যাংকের এই পর্যবেক্ষক দলের। রোববার সকালে তারা বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এর পর দুদক কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে।
দুদক ছাড়াও পর্যবেক্ষণ দলের সদস্যরা এডিবি, জাইকা এবং আইডিবি’র স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা।
আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষণ দলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন।
ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেলের প্রতিবেদনের ওপরই ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়টি নির্ভর করছে।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে গত অক্টোবরে তারা একবার ঢাকা সফর করে গেছেন।
পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ১২০ কোটি ডলারের ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্ব ব্যাংক। তবে সরকারের তৎপরতায় ‘শর্তসাপেক্ষে’ এ প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি। এরপরই তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে তারা।
প্রথম দিকে তদন্তে দুর্নীতির তথ্য-প্রমাণ না পাওয়ার দাবি করলেও সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, প্রকল্পের কাজ পাওয়ার জন্য ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ তথ্য পাওয়া গেছে।
