২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা করছে সরকারের লোক: ফখরুল

সারাদেশে ‘শান্তিপূর্ণ’ অবরোধ হচ্ছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের লোকেরা বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

সারাদেশে ‘শান্তিপূর্ণ’ অবরোধ হচ্ছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের লোকেরা বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।

রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের ঘেরাওয়ের মধ্যে থেকে তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি চলছে। আমাদের কাছে এখন পর্যন্ত খবর- জনগণ সর্বত্র নির্দলীয় সরকারের দাবির সমর্থনে রাজপথে নেমে এসেছে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

কর্মসূচির শুরু থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও ঢাকার পান্থপথ, গাবতলী, যাত্রাবাড়ী, মিরপুর, পুরান ঢাকা, শাহবাগ, সাভারের আমিনবাজার, গাজীপুর ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

পান্থপথ, যাত্রাবাড়ীর কাজলা ও সিরাজগঞ্জে হামলার শিকার হয়েছে পুলিশের গাড়ি। শনিরআখড়ায় একটি তেলের লড়িও পুড়িয়ে দেয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “এই কর্মসূচিতে বাধা দিয়ে বিভিন্ন স্থানে সংহিসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ভীতির সৃষ্টি করা হচ্ছে। এটি সরকারের এজেন্টদেরই অপকর্ম। নাটোরে আমাদের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদারসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই।”

সর্বাত্মক অবরোধ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার রাতে নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে গোলাগুলিতে দুইজন আহত হওয়ার পর আলাইপুর এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে অবরোধ কর্মসূচির শুরুতে সকাল ৬টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল পুরো সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ৮টা থেকে নয়া পল্টনের কার্যালয়ের সামনের সড়কের ওপর মহানগর বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কর্মী-সমর্থকরা অবস্থান নিয়ে নির্দলীয় সরকারের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে।

সকাল ১০টার দিকে নয়া পল্টনের কার্যালয়ের পশ্চিম দিকে জামায়াতে ইসলামীর নেতা নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ইসলামী ছাত্র শিবিরের শতাধিক নেতা-কর্মী ব্যানার নিয়ে অবস্থান নেয়। আধা ঘণ্টা অবস্থান করে তারা মিছিল নিয়ে কাকরাইলের দিকে চলে যায়।

এছাড়া সকাল পৌনে ১০টার দিকে বিজয় নগর পানি ট্যাংকির কাছে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে একটি মিছিল এসে পৌঁছালে পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পুলিশ ও র‌্যাব সদস্যরা নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের অন্য এক পাশে সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে রয়েছে। তবে অতীতের কর্মসূচিগুলোতে পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রাখলেও এবার এর ব্যতিক্রম দেখা গেছে।