‘তদন্ত সুষ্ঠু না হলে পদ্মায় অর্থায়ন নয়’
দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক।
দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক।
তদন্ত পর্যবেক্ষণে আসা বিশ্ব ব্যাংকের প্যানেল মতানৈক্য নিয়ে ফিরে যাওয়ার তিন দিন পর শনিবার এক বিবৃতিতে ঋণদাতা এই সংস্থার এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে ঢাকার বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, “পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক তখনি এগিয়ে আসবে, যখন দেখবে দুর্নীতি দমন কমিশন এই পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্ত করেছে।”
আর এই পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে তথ্য-প্রমাণ দুর্নীতি দমন কমিশনকে দেয়া হয়েছে বলেও জানান গোল্ডস্টেইন।
দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক গত জুন মাসে অর্থায়ন বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় গত ২০ সেপ্টেম্বর সেই সিদ্ধান্ত বাতিল করে।
এরপর দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে একটি প্যানেল গঠন করে, যার প্রধান করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পোকে।
ওকাম্পো নেতৃত্বাধীন তিন সদস্যের ওই প্যানেল দ্বিতীয় দফায় ঢাকা সফর করে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতভেদ নিয়ে গত ৫ ডিসেম্বর ফিরে যান।
অ্যালেন গোল্ডস্টেইন বিবৃতিতে বলেন, পর্যবেক্ষক প্যানেল প্রথম সফরে বাংলাদেশের আইন অনুসরণ করেই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুদকে তাগিদ দিয়েছিল।
“গত সপ্তাহে দ্বিতীয় দফা সফরে প্যানেল অমীমাংসিত কিছু বিষয় দেখতে পেয়েছে এবং পাওয়া তথ্যের ভিত্তিতে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য আবারো দুদককে তাগিদ দিয়েছে।”
বেশ কয়েকটি শর্তের পর বহু প্রতীক্ষিত পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেলের প্রতিবেদনের ওপর।
গোল্ডস্টেইন বলেন, দুদক তাদের পর্যালোচনা শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই বিশ্ব ব্যাংক প্যানেল এই বিষয়ে তাদের অবস্থান জানাবে।
পদ্মা প্রকল্পে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ প্রমাণ পাওয়া গেছে বলে দুদক জানালেও কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে- সেই বিষয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে মতৈক্য হয়নি।
দুর্নীতি অনুসন্ধানে দুদক গঠিত প্যানেল প্রতিবেদন জমা দেয়ার পরদিন ৬ ডিসেম্বর একথা বলেছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম রহমান।
দুদকের অনুসন্ধান কমিটি কয়েকজনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে এবং এর সংখ্যা ১০ জনের কম বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান, তবে ওই প্রতিবেদন পর্যালোচনা এখনো শেষ হয়নি।
পদক্ষেপ নেয়ার কথা জানালেও গোলাম রহমান এটাও বলেন, এই বিষয়ে দুদকই সিদ্ধান্ত নেবে। বিশ্ব ব্যাংকের পরামর্শ যদি দেশের আইনের আওতায় থাকে, তবে তা বিবেচনা করা হবে।
অনুসন্ধান প্রতিবেদনের বিষয়ে দুদকের পক্ষ থেকে আর কোনো তথ্য জানানো না হলেও বিভিন্ন সংবাদপত্রের খবর, সাবেক এক মন্ত্রী এবং এক প্রতিমন্ত্রীর নাম রাখা-না রাখা নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে মতানৈক্য দেখা দিয়েছে।
বিশ্ব ব্যাংক প্যানেলের ঢাকায় অবস্থানের মধ্যে মঙ্গলবার সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
ঢাকা ছাড়ার আগে বিশ্ব ব্যাংক প্যানেলের সদস্যরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করেন। অর্থমন্ত্রী তদন্ত নিয়ে সমঝোতা না হওয়ার কথা স্বীকার করে গত বৃহস্পতিবার বলেন, আলোচনা এখনো চলছে।
কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করেছিল বিশ্ব ব্যাংক।
লাভালিন পদ্মা প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ অন্যতম প্রতিষ্ঠান। তারা কাজ পাওয়ার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্র’ করে বলে অভিযোগ উঠেছে।
শুরুতে সরকার ও তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করা হলেও অনড় থাকে বিশ্ব ব্যাংক এবং তার ধারাবাহিকতায় গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে।
এরপর আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে ছুটিতে পাঠানোসহ কয়েকটি শর্ত মানা হলে বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়।
এরপরই গঠন করা হয় ওকাম্পো নেতৃত্বাধীন পর্যবেক্ষক প্যানেল।
