২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা তদন্ত : ‘যথাসময়ে’ জানাবে দুদক

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অনুসন্ধানে কী পাওয়া গেছে এবং কী সুপারিশ এসেছে, তা জানতে সবাইকে আরো অপেক্ষায় রাখছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 12:32 PM

Updated : 25 Apr 2022, 09:59 PM

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির’ অনুসন্ধানে কী পাওয়া গেছে এবং কী সুপারিশ এসেছে, তা জানতে সবাইকে আরো অপেক্ষায় রাখছে দুর্নীতি দমন কমিশন।

কমিশন চেয়ারম্যান গোলাম রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘যথাসময়ে সব কিছু জানা যাবে।”

একই কথা বলেছেন কমিশনের প্রধান কৌঁসুলি আনিসুল হকও। তিনি বলেছেন, এ জন্য জনগণকে আরো অপেক্ষা করতে হবে।

এই মুহূর্তে কিছু প্রকাশ প্রকাশ না করার পক্ষে যুক্তি দেখিয়ে আনিসুল হক বলেন, “পদ্মা সেতু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি কিছু প্রকাশ করি, তাহলে বিভ্রান্তির সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

“অনুসন্ধানে প্রাপ্ত সব কিছু আমরা জনগণের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা আরো অপেক্ষা করেন, জানতে পারবেন,” সাংবাদিকদের বলেন তিনি।

‘দুর্নীতির’ অনুসন্ধান পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের ঢাকা ছাড়ার একদিন পর এই কথা বললেন দুদক চেয়ারম্যান ও প্রধান কৌঁসুলি।

দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ‘নিস্ফল’ আলোচনার পর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন তিন সদস্যের বিশ্ব ব্যাংক প্যানেল বুধবার ফিরে গেছেন বলে সংবাদ মাধ্যমের খবর।

এই বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, “মতানৈক্যের সুযোগ নেই। তারা এসেছিল অনুসন্ধান কার্যক্রম দেখতে। দুদকই বাংলাদেশের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

মঙ্গলবার দাখিল হওয়ার অনুসন্ধান প্রতিবেদনে দুর্নীতির ষড়যন্ত্র এবং এতে অনধিক ১০ জনের জড়িত থাকার কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে বলে গোলাম রহমান আগে জানিয়েছিলেন।

তিনি মঙ্গলবার বলেছিলেন, দুর্নীতির ‘ষড়যন্ত্র’ যে হয়েছিল, সে বিষয়ে বিশ্ব ব্যাংক ও দুদক একমত। তবে কার কার বিরুদ্ধে অভিযোগ আনা হবে- সেই বিষয়ে মতৈক্য এখনো হয়নি।

বুধবারের বৈঠকে ওই মতভেদ দূর হবে বলে আশা প্রকাশ করলেও তার কোনো ঘোষণা ছাড়াই ফিরে যায় বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল।

অনুসন্ধান প্রতিবেদন বুধবার চূড়ান্ত করার কথা থাকলেও তা হয়েছে কি না, তা বৃহস্পতিবারও জানাননি গোলাম রহমান। তবে তিনি বলেন, “কাউকে ছেড়ে দেয়া হবে না।”

বিশ্ব ব্যাংক ঋণচুক্তি বাতিলের পর সে সিদ্ধান্ত বদলালেও গত কয়েকদিনে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় এই প্রকল্প ঝুলে যাওয়ার যে কথা বলা হচ্ছে, সে বিষয়ে আনিসুল হক বলেন, কোথাও কিছু আটকে নেই।

বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক দলের সদস্যরা সন্তুষ্ট হয়েছে কি না- জানতেস চাইলে তিনি বলেন, “সে মতামত তো তারা দেবেন। তারা বিশ্ব ব্যাংকে তাদের রিপোর্ট দেবেন।

“তবে তারা অসন্তোষ নিয়ে ফিরে গেছেন বলে আমি মনে করি না।”

বুধবার দুদক ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওকাম্পো বলেছিলেন, “দুদক প্রশংসনীয় কাজ করছে। আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।”

“আর কিছু বলা নেই’ জানিয়ে ওকাম্পো ও তার প্যানেলের অন্য দুই সদস্য টিমোথি টং ও রিচার্ড অল্ডারম্যান ঢাকা ছাড়েন।

তাদের সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠকের পর গোলাম রহমান বুধবার বলেছিলেন, অনুসন্ধান কমিটির সুপারিশ অনুযায়ী কয়েকজনের বিরুদ্ধে দু’এক দিনের মধ্যে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

তবে তার আগে অনুসন্ধান কমিটির প্রতিবেদন আবারো পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

“অর্থের আদান-প্রদান হয়নি। অর্থ বিনিময়ের জন্য একটি আলোচনা হয়েছিল, যাকে আমরা ষড়যন্ত্র বলছি,” অনুসন্ধানের ভিত্তিতে বলেছেন দুদক চেয়ারম্যান।

কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করেছিল বিশ্ব ব্যাংক।

সরকার ও তৎকালীন যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ নাকচ করা হলেও অনড় থাকে বিশ্ব ব্যাংক এবং তার ধারাবাহিকতায় গত জুন মাসে ঋণচুক্তি বাতিল করে।

এরপর আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টেগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের তৎকালীন সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে ছুটিতে পাঠানোসহ সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক সিদ্ধান্ত বদলায়।

তবে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে ওকাম্পোর নেতৃত্বে পর্যবেক্ষক দল গঠন করা হয়, তাদের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের অর্থায়ন।

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি পর্যবেক্ষণ করতে এবার দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে আসে বিশ্ব ব্যাংকের ওই পর্যবেক্ষক দল।

তাদের ঢাকায় অবস্থানের মধ্যেই মঙ্গলবার সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা, প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর যাকে পদত্যাগ করতে হয়।

মঙ্গলবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকেও জিজ্ঞাসাবাদ করা হয়, যিনি প্রকল্পের কাজের বিষয়ে এসএনসি লাভালিনের পক্ষে সুপারিশ করেছিলেন বলে দাবি করেছেন আবুল হোসেন।