‘ব্যবস্থা’ নিলেই মিলবে পদ্মা প্রকল্পের অর্থ
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এই ইঙ্গিত দিলেও অর্থমন্ত্রী বলেছেন, তদন্ত ও প্রকল্প বাস্তবায়ন এক সঙ্গে করতে রাজি হয়েছে ঋণদাতা সংস্থাটি।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে বাংলাদেশ যে ১২০ কোটি ডলার ঋণ পাবে না- তা স্পষ্ট করে দিয়েছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি।
অ্যালেন গোল্ডস্টেইন রোববার এই ইঙ্গিত দিলেও বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তদন্ত ও প্রকল্প বাস্তবায়ন এক সঙ্গে চালাতে মতৈক্য হয়েছে।
এদিকে বিশ্ব ব্যাংক উত্থাপিত অভিযোগ তদন্তকারী প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন বলেছে, তারা অনুসন্ধানের কাজ শেষ করে এনেছে। এরপরই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২৯১ কোটি ডলারের পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় বিশ্ব ব্যাংক ফিরে এলেও দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে তারা একটি প্যানেল গঠন করে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন এই প্যানেলের কমিটির সদস্যরা গত অক্টোবরে এক দফা ঢাকা ঘুরে গিয়ে শনিবার আবার এসেছেন।
তাদের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।
বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দল রোববার দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তদন্তের অগ্রগতির খোঁজ-খবর নেন। পরে তারা বৈঠক করেন অর্থমন্ত্রীর সঙ্গে।
দুদকের সঙ্গে বৈঠকের আগে প্রকল্পের অন্য তিন ঋণদাতা সংস্থা এডিবি, আইডিবি ও জাইকার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক দলের সদস্যরা।
দুদকের সঙ্গে বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক দলের বৈঠকের পর ওয়াশিংটনভিত্তিক এ ঋণদাতা সংস্থার আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাংবাদিকদের বলেন, “দুদককে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এই সেতুকে বাস্তবে পরিণত করার বিষয়টি এখন দুদকের হাতে।”
এই প্রকল্প এগিয়ে নেয়ার জন্য দুর্নীতির অভিযোগের ‘অবাধ ও সুষ্ঠু’ তদন্ত ‘খুবই জরুরি’ বলেও মন্তব্য করেন তিনি।
তদন্তের গতি নিয়ে গোল্ডস্টেইন বলেন, “এখন পর্যন্ত যা জেনেছি, তা উৎসাহব্যঞ্জক। আগামী তিন-চার দিনে আমরা আরো কয়েক দফা বৈঠক করব। যদি যথেষ্ট অগ্রগতি দেখা যায়, তাহলে এই সেতু নির্মাণ সম্ভব হবে বলেই আমরা আশাবাদী।”
আবাসিক প্রতিনিধি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তখন তার পাশেই ছিলেন পর্যবেক্ষক প্যানেলের তিন সদস্য ওকাম্পো, টিমোথি টং ও রিচার্ড অল্ডারম্যান।
পদ্মা প্রকল্পের বাস্তবায়ন কৌশল নির্ধারণে গত সপ্তাহে ম্যানিলায় অর্থায়নকারী সংস্থাগুলোর বৈঠকের অগ্রগতি জানতে চাইলে গোল্ডস্টেইন বলেন, তা ছিল প্রাথমিক বৈঠক।
“তদন্তের যথেষ্ট অগ্রগতি হলে প্রকল্প বাস্তবায়নের কাজ কীভাবে শুরু করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে।”
বিশ্ব ব্যাংক তদন্তের গতি বাড়াতে বলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক।
দুর্নীতি দমন কমিশন কোনো অভিযোগ পেলে তার অনুসন্ধান শুরু করে, অভিযোগের সত্যতা পেলে শুরু করে তদন্ত। এরপর ধাপে ধাপে মামলাসহ অন্য পদক্ষেপ নেয়।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন অনুসন্ধান চালাচ্ছে দুদক এবং তা শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
বিশ্ব ব্যাংক পর্যবেক্ষক দল সেগুন বাগিচায় কমিশন কার্যালয় ঘুরে যাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, সোমবার সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের পর অনুসন্ধান প্রতিবেদন চূড়ান্ত হবে। এরপর তারা পরবর্তী পদক্ষেপে এগোবেন।
কারো বিরুদ্ধে মামলা করা হবে কি না জানতে চাইলে এখনি কিছু বলতে অস্বীকার করেন গোলাম রহমান।
“মামলা করতে গেলে সাক্ষী সাবুদ ও দালিলিক প্রমাণের প্রয়োজন হয়। এ জন্য অনুসন্ধান প্রতিবেদনের প্রয়োজন। ওই প্রতিবেদন পর্যালোচনা করেই ব্যবস্থা নেয়া হবে।”
প্রথম দিকে তদন্তে দুর্নীতির তথ্য-প্রমাণ না পাওয়ার দাবি করলেও কমিশন চেয়ারম্যান গত ২৭ নভেম্বর জানান, প্রকল্পের কাজ পাওয়ার জন্য ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ তথ্য পেয়েছেন তারা।
প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তা এই প্রকল্পের কাজ পাওয়ার জন্য ঘুষ সেধেছিল বলে কানাডার পুলিশ প্রমাণ পেয়েছে।
কানাডার পুলিশ এই তদন্ত শুরুর পর গত বছরের সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। এরপর গত জুন মাসে অর্থায়ন বাতিল করে দেয়।
অর্থায়ন বাতিলের পর শুরুতে সংস্থাটির সঙ্গে সরকারের টানাপোড়েন সৃষ্টি হলেও পরে মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ, প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে ছুটিতে পাঠানোসহ কয়েকটি পদেক্ষপে বিশ্ব ব্যাংক তাদের আগের সিদ্ধান্ত বাতিল করে।
বিশ্ব ব্যাংককে এই প্রকল্পে ফেরাতে জোর চেষ্টা চালিয়ে যাওয়া অর্থমন্ত্রী মুহিত বিকালে সংস্থার পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তের মধ্যেই প্রকল্প বাস্তবায়নে রাজি হয়েছে ঋণদাতা সংস্থাটি।
“ইনভেস্টিগেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন এক সঙ্গে চলবে। যে অভিযোগ উঠেছে, দুদক এখন তার অনুসন্ধান করছে। ওই অভিযোগের যথাযথ প্রমাণ পাওয়া গেলে তদন্ত শুরু হবে।”
“সে সময় তদন্ত ও প্রকল্পটির বাস্তবায়ন একসঙ্গে চলবে, এতে আমরা দুই পক্ষই একমত হয়েছি,” বলেন অর্থমন্ত্রী।
তদন্ত প্রক্রিয়া যথাযথ দেখলে এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের পুরোপুরি যোগদান সম্পন্ন হওয়ার একটি সমঝোতা হয়েছিল জানিয়ে মুহিত বলেন, “প্যানেলের সঙ্গে এটা আমার প্রথম সাক্ষাৎ। তাদের উত্থাপিত সুপারিশ কমিশন গ্রহণ করায় তারা টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছেন বলে আমাকে জানিয়েছে।”
“তারা আমাকে বলেছে যে, এই সফরের পর তারা বলতে পারবে বাংলাদেশের তদন্ত বিশ্বাসযোগ্য কিনা। যখন তারা দেখবে আমাদের তদন্ত প্রক্রিয়া বিশ্বাসযোগ্য, তখনি আমাদের রি-এনগেজমেন্ট কমপ্লিট হবে।”
তদন্ত সময়সাপেক্ষ ব্যাপার উল্লেখ করে মুহিত বলেন, “তদন্ত হল প্রাথমিক তথ্যের প্রতিবেদন ও দুদকের প্রদ্ধতি অনুযায়ী অভিযোগপত্রের মতো আরো কিছু পদক্ষেপ নেয়া।
“আমার একমাত্র আগ্রহ হল তদন্ত শুরু হওয়া এবং তাহলেই আমার প্রকল্প শুরু হবে। সরকারের মেয়াদ শেষের অনেক আগেই পদ্মা সেতুর কাজ শুরু করব আমরা।”
মামলার বিষয়ে মন্ত্রী বলেন, “এটা কমিশন বলতে পারবে। আমি যতদূর জানি, বিশ্ব ব্যাংক দুদকের কাছে প্রমাণ তুলে দিয়েছে, এখন মামলা করা দুদকের কাজ।”
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এই বিষয়ে সাংবাদিকদের ‘গুজব’ না ছড়াতে অনুরোধ করেন।
তিনি বলেন, “আমরা ঠিক পথেই আছি। আপনারা গুজব না ছড়ালে এই কাজ আরো দ্রুত শুরু হবে।”
দুর্নীতির অভিযোগে দুদক কারো বিরুদ্ধে মামলা করবে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, “আমরা এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। অপেক্ষা করুন, সব জানতে পারবেন।”
দুদক কর্মকর্তারা মঙ্গলবার আবারো পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে তিনি জানান।
