২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের পক্ষে মত

হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠানে এই মত জানিয়েছেন সাবেক দুই গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন ও সালেহ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

আরো দক্ষতার সঙ্গে ব্যাংক ব্যবস্থা পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংককে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করার পরামর্শ দিয়েছেন সাবেক দুই গভর্নর।

হল-মার্ক কেলেঙ্কারি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠানে এই পরামর্শ দেন মোহাম্মদ ফরাসউদ্দিন ও সালেহ উদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ আমলে গভর্নরের দায়িত্ব পালনকারী ফরাসউদ্দিন এবং বিএনপি আমলে একই দায়িত্ব পালনকারী সালেহ উদ্দিন বুধবার অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আলোচনা সভায় বক্তব্য রাখেন।

জাতীয় প্রেসক্লাবে ‘দেশের ব্যাংকিং খাত : সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় দুজনই বলেন, ব্যাংক কোম্পানি আইন ও বিধি-বিধানের যথাযথ বাস্তবায়ন এবং দক্ষতার সঙ্গে কাজ করার জন্য ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার।

ফরাসউদ্দিন বলেন, “আমি মনে করি, আরো বেশি দক্ষভাবে কাজ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অপারেশনাল অটোনমি থাকা দরকার।”

“রুলস রেগুলেশন (আইন-কানুন, বিধি-বিধান) যতই থাকুক, বাংলাদেশ ব্যাংকের অটোনমি না থাকলে তার সব সুফল পাওয়া যাবে না,” বলেন সালেহ উদ্দিন।

এই আলোচনা সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, প্রধান অর্থনীতিবিদ হাসান জামান, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন ইআরএফ সভাপতি খাজা মাঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি ধন্যবাদ জ্ঞাপন করেন।

হল-মার্ক গ্রুপকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা ঋণ দেয়ার বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সুপারিশ করে।

এর প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক ব্বিৃতিতে তাদের সুপারিশের পক্ষে আইনি যৌক্তিকতার ব্যাখ্যা তুলে ধরা হয়।

হল-মার্ক কেলেঙ্কারির পর দেশের ব্যাংক ব্যবস্থা নিয়ে ব্যবসায়ী মহলসহ অনেকে উদ্বেগ প্রকাশ করেন। এখন অবশ্য এনিয়ে মামলা হয়েছে।

ফরাসউদ্দিন বলেন, “ব্যাংকিং খাতে যেসব কেলেঙ্কারি ঘটেছে, বাংলাদেশ ব্যাংক রি-অ্যাকটিভ না হয়ে প্রো-অ্যাকটিভ হলে এমন হত না।”

এই ধরনের ঘটনা ধরা পড়ার সঙ্গে সঙ্গে কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন সাবেক এই গভর্নর। ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের তদারক ব্যবস্থা বাড়ানোর পরামর্শও দেন তিনি।

ফরাসউদ্দিন আরো বলেন, “আমানতে সুদের হার বেঁধে দিয়ে ঋণের সুদ হার উন্মুক্ত করে দেয়া মুক্ত বাজার অর্থনীতির সঙ্গে খাপ খায় না। এটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে।”

রিজার্ভ ১২শ কোটি ডলার ছাড়ানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সন্তোষ থাকলেও তা নিয়ে ভিন্ন মত পোষণ করেন তিনি।

“আমদানি ব্যয় মেটানোর জন্য অতিরিক্ত বৈদেশিক মুদ্রার মজুদ গড়ে তোলার যৌক্তিকতা খুব বেশি গ্রহণযোগ্য নয়, বরং অতিরিক্ত বৈদেশিক মুদ্রার মজুদ মুল্যস্ফীতিকে উস্কে দেয়।”

“এজন্য বৈদেশিক মুদ্রার বিনিয়োগ বাড়াতে হবে, বিশ্ববাজারে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা নিতে হবে,” বলেন ফরাসউদ্দিন।

সালেহ উদ্দিন বলেন, উৎপাদনশীল খাতে ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংক আরো সক্রিয় হতে পারে। একইসঙ্গে ঋণের অর্থ কোন খাতে ব্যবহৃত হচ্ছে, তাও নিবিড় তদারকির মধ্যে রাখতে হবে।

“আমি কক্সবাজার, নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় কয়েকটি ব্যাংকের ১৮টি শাখায় খোঁজ নিয়ে দেখেছি, অনেকে এসএমই ঋণ নিয়ে অন্য কাজে ব্যবহার করছেন। এমনকি শাখা ব্যবস্থাপক আমাকে বলেছেন, কেউ কেউ এক লাখ টাকা ঋণ নিয়েছেন; কিন্তু কী করছেন- তার কোনো খবর নেই।”

সালেহ উদ্দিন তারল্য নীতি করার পরামর্শ দিয়ে বলেন, “কোনো কিছু ঘটে যাওয়ার পরে ব্যবস্থা নেয়ার চেয়ে আগে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা ভালো। হল-মার্ক সংক্রমণ ব্যাধির মতো অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ছে।”

ব্যবসায়ী নেতা আজাদ কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি আরো বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি বাড়লেও বেসরকারি ব্যাংকগুলো কীভাবে, কার কাছে ঋণ বিতরণ করছে, তা দেখা দরকার।

“ব্যাংকগুলো যেভাবে মুনাফা করছে, অন্যান্য খাত সেভাবে মুনাফা করতে পারছে না। ব্যাংকের পরিচালনা পরিষদ আগে থেকে মুনাফার লক্ষ্য ঠিক করে দিচ্ছে। তা অর্জন করতে গিয়ে ব্যাংকাররা অতিরিক্ত সুদ, সার্ভিস চার্জ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করেও তা রোধ করতে পারছে না।”

বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২৫ থেকে ৩০ শতাংশে রাখার ওপর মত দেন এফবিসিসিআই সভাপতি। “এটা হলে হয়ত মূল্যস্ফীতি বাড়বে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি ও ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।”

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ কমানোর পাশাপাশি অপচয় কমানোর পরামর্শও দেন তিনি।

ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাম্প্রতিক সময়ে নেয়া কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার কর্মসূচি এবং নতুন নীতি তুলে ধরেন।

সমালোচনার মধ্যেও নতুন ব্যাংক অনুমোদনের পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “দেশের ব্যাংকিং সেবার বাইরে যেসব মানুষ রয়েছে তাদের ব্যাংকিং সেবা দিতে নতুন নয়টি ব্যাংক দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

“কিন্তু ব্যাংকের উদ্যোক্তারা করখেলাপি এবং কালো টাকার অধিকারী নয়- তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক কাউকে লাইসেন্স দেবে না।”

সভায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো। আমদানি কমছে, বেড়েছে রফতানি। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে।

তবে হাসান জামান বাংলাদেশ ব্যাংকের সামনে পাঁচটি চ্যালেঞ্জ তুলে ধরেন। তা হচ্ছে- বাণিজ্যিক ব্যাংকের সুদ হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা।