২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে জাহাজ তৈরিতে ১৫ শতাংশ সাশ্রয়

অন্য দেশের তুলনায় বাংলাদেশে কমপক্ষে ১৫ শতাংশ কম খরচে জাহাজ তৈরি করা যায় বলে দাবি করেছেন একজন বিশেষজ্ঞ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- অন্য দেশের তুলনায় বাংলাদেশে কমপক্ষে ১৫ শতাংশ কম খরচে জাহাজ তৈরি করা যায় বলে দাবি করেছেন একজন বিশেষজ্ঞ। তবে ব্যাংক ঋণের সুদের হার বেশি হওয়ায় জাহাজ তৈরি শিল্পের প্রতিযোগিতায় অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলে তিনি জানান। রোববার রূপসী বাংলা হোটেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত ‘জাহাজ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান সমস্যা এবং এর সমাধান’ বিষয়ে এক সেমিনারে এসব তথ্য জানান বাংলাদেশ নেভাল আর্কিটেক্ট অ্যান্ড মেরিন ইনজিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম রফিকুল ইসলাম। তিনি বলেন, “পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ১৫ শতাংশ কমে জাহাজ তৈরি করা যায়। আমরা এটাকে বাড়িয়ে ২৫ শতাংশে নিয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমাদের সঙ্গে কেউ প্রতিযোগিতা করে পারবে না।” তবে দেশে সুদের হার বেশি হওয়ার কারণে এ শিল্প প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে বলে জানান তিনি। সেমিনারে এক্সপোর্ট ওরিয়েন্টড শিপ বিল্ডিং ইন্ডস্ট্রিজ অফ বাংলাদেশের সভাপতি আব্দুল্লাহেল বারী বলেন, “বাংলাদেশে সুদের হার ২৫ শতাংশের ওপরে। যেখানে ভারতে তা ২০ শতাংশের অনেক নিচে, চীনে তা ছয় থেকে সাত শতাংশ, ভিয়েতনামে আট শতাংশ এবং ইউরোপে পাঁচ শতাংশের নিচে।” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, “জাহাজ তৈরি শিল্পের জন্য একটি নীতিমালা হচ্ছে। কিছু দিনের মধ্যেই এ নীতিমালা চূড়ান্ত করতে পারব।” সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের জাহাজ তৈরি শিল্প উদ্যোক্তাদের সরকারের জন্য অপেক্ষা না করে নিজেদের শক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা সরকারের জন্য অপেক্ষ করবেন না। সরকার একটা বিশাল দৈত্য, হাটা-চলা করতে দেরি হয়।” বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএএইচ/২২১২ ঘ.