২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে দীর্ঘ যানজট

নোম্যান্স ল্যান্ড থেকে ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণ হিসেবে বন্দর সংশ্লিষ্টদের সমন্বয়হীনতাকে দায়ী করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

বেনাপোল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল স্থল বন্দরে ‘রেকর্ড’ যানজট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক। অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি, যাত্রীবাহী পরিবহন চলাচলে চরম বিড়ম্বনার শিকার হয়ে গন্তব্যে পৌঁছাতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও যাত্রী সাধারণকে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে। শনিবার বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, নোম্যান্সল্যান্ড থেকে আমড়াখালী পর্যন্ত ৫ কিলোমিটার ট্রাকজট সৃষ্টি হয়েছে। এমন জট আগে দেখা যায়নি মন্তব্য করে তিনি বলেন, “ট্রাক টার্মিনাল, রপ্তানি টার্মিনালসহ বাইপাস সড়কে আটকা পড়েছে কয়েক হাজার ট্রাক। এতে প্রতিদিন কোটি টাকা ক্ষতি গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।” “সড়কে এ যানজটের কারণে বেনাপোল বাসস্ট্যান্ডে বাস আসা-যাওয়া করতে পারছে না। বাসস্ট্যান্ড থেকে দুই কিলোমিটার দূরে আমড়াখালী থেকে বাস যাতায়াত করছে।” তিনি জানান, ভারতের পেট্রাপোল বন্দরে পণ্য খালাসের ওয়্যার হাউজ ও টার্মিনাল না থাকায় ব্যাহত হচ্ছে রপ্তানি বাণিজ্য। বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পণ্য খালাস করতে হচ্ছে। দিনে একশ’টির বেশি ট্রাক সেখানে খালি করা যাচ্ছে না। “বেনাপোল বন্দরে ট্রাকগুলোকে ৮/১০ দিন অপেক্ষা করতে হচ্ছে। প্রতিটি ট্রাককে দিনে দুই হাজার টাকা ডেমারেজ দিতে হচ্ছে,” বলেন সিরাজুল। বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, “ভারত ও বাংলাদেশে পার্কিংয়ের জন্য বন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত জায়গা দিলে এ সমস্যা থাকবে না।” ট্রাকবোঝাই পাট নিয়ে গত রোববার বেনাপোলে আসা চালক বাবর আলী বলেন, “জ্যামে পড়ে ৬ দিনে এসেছি ৩ কিলোমিটার।” অন্যদিকে, বেনাপোল প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক পেট্রাপোল বন্দরে স্থান সঙ্কুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল ও পেট্রাপোল পার্কিং ও বনগাঁ টার্মিনালে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সাপ্তাহিক ছুটি সত্ত্বেও ট্রাকজট কমাতে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি চালু রয়েছে। “তবে শুল্কবিভাগের কাজকর্ম বন্ধ রয়েছে।” এদিকে, দীর্ঘ জটের সুযোগে একটি মহল আগে সিরিয়াল করে দেয়ার কথা বলে টাকা আদায় করছে বলে অভিযোগ করছেন ট্রাক চালকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬২২ ঘ.