ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহায় নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব সদর আলী বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে ডিসিদের এ নির্দেশনা দেওয়া হয়।
এতে সংশ্লিষ্ট আইন, আদেশ ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতেও জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়।
ঈদুল আযহায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে মসলা ও ভোজ্য তেলসহ কয়েকটি পণ্যের মূল্য বেড়ে যায়। বড়ো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের নিত্য পণ্যের মূল্য বাড়ানোর প্রবণতা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়। অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবেই এ কার্যক্রম নেওয়া হবে।
দেশে মুুসলিম সমাজের ধর্মীয় উৎসব রমজান ও ঈদুল ফিতর শেষে আইন ও আদেশ অমান্য করে কিছু ব্যবসায়ী বিভিন্ন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিসহ বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে ভোক্তাদের স্বার্থ ক্ষুন্ন করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মসুর ডালের মূল্য বাড়ানোর উদাহরণ টেনে এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বেশ কিছুদিন ধরে মসুর ডালের মূল্য স্থিতিশীল রয়েছে। আমদানি স্বাভাবিক থাকায় দেশে মসুর ডালের দাম বাড়ার কোনো কারণ নেই। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধির অপচেষ্টা করছে, যা একদম কাম্য নয়।
ভোক্তাদের স্বার্থ বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় পণ্য তালিকার পরিধি বাড়িয়ে সরকার আদেশ জারি করেছে। এ আদেশ অনুযায়ী, আগের ও বর্তমান তালিকাভুক্ত সব নিত্যপণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি জেলা ও উপজেলা পর্যায়ে নিবিড় পরিবীক্ষণ, পর্যবেক্ষণ ও তদারকি খুবই জরুরি হয়ে পড়েছে।
মূল্য পরিস্থিতির ওপর সাপ্তাহিক প্রতিবেদন পাঠাতেও বলা হয় জেলা প্রশাসকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১২৯ ঘ.
bdnews24