২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবৃতির প্রভাব অর্থায়নে পড়বে না: মুহিত

বাংলাদেশের কর্মকর্তারা গণমাধ্যমে বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন করছেন বলে যে অভিযোগ সংস্থাটি এনেছে, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

সিলেট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কর্মকর্তারা গণমাধ্যমে বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন করছেন বলে যে অভিযোগ সংস্থাটি এনেছে, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দুর্নীতির গন্ধে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু দুর্নীতি যে হয়েছিল, সেটা তো প্রমাণ করতে হবে।” দুর্নীতির অনুসন্ধানে বিশ্ব ব্যাংককে এখন ‘অনেক বেশি অংশীদারিত্ব’ দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “ফেব্রুয়ারির মধ্যে বড় ধরনের কন্ট্রাক্ট শেষ করে কাজ শুরু করা হবে।” মঙ্গলবার বিশ্ব ব্যাংকের ওই বিবৃতিতে বলা হয়, পদ্মা প্রকল্পে জড়িত সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা কয়েকদফা বাংলাদেশ সরকারকে দিয়েছে। কিন্তু তাতে সরকারের সাড়া না পেয়েই গত ২৯ জুন সংস্থাটি ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। “বিশ্ব ব্যাংক সার্বিকভাবে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি, বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। এ কারণে আমরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছি যে, এ প্রকল্পে বিশ্ব ব্যাংককে নতুন করে চাইলে সেতু নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে হবে যাতে বিশ্ব ব্যাংক ও অপর ঋণ দাতারা প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়।” এসব বিষয়ে ‘সন্তোষজনক পদক্ষেপ’ নেয়া হলেই পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থ দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু দেশের সবচেয়ে বড় প্রকল্প। বড় প্রকল্পে সমস্যা আছে, জটিলতাও আছে। দুর্ভাগ্যবশত বিশ্বব্যাংক প্রকল্পটি বাতিল করেছিল। পুনর্বিবেচনার আবেদন করায় তারা ফিরে এসেছে।” কম খরচে ভালভাবেই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হবে- এমন আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, “এ জন্য কারিগরি দক্ষতা দরকার। কিন্তু আমাদের কারিগরি দক্ষতা নেই। এখানে উচ্চ পর্যায়ের সহায়তার প্রয়োজন।” মুহিত জানান, বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা ১ অক্টোবর ঢাকায় আসছেন। তাদের সঙ্গে আলোচনা করেই প্রকল্প বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের প্রবৃদ্ধি দেড় শতাংশ বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। পদ্মা সেতুর নকশা পরিবর্তন হবে কি না জানতে চাইলে মুহিত বলেন, “ডিজাইন ঠিক থাকবে, শুধু শিডিউল ও ইমপ্লিমেন্টেশন বদলাবে।” অন্যদের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির সুফিয়ান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬২১ ঘ.