২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হলমার্ক কেলেঙ্কারির দায় ব্যাংক ব্যবস্থাপকদের’

হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেই দায়ী করছেন রাষ্ট্রায়াত্ত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেই দায়ী করছেন রাষ্ট্রায়াত্ত এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সুভাষ সিংহ রায়। বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “২০১১ সালের ২ জানুয়ারি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ইনল্যান্ড বিল পার্চেজ (আইবিপি) ইস্যু না করার নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই নির্দেশনা অমান্য করে হলমার্ক গ্রুপকে ঋণ দেয়া হয়।” হলমার্ক কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সাবেক সহসম্পাদক সুভাষকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। হলমার্কের ঋণ কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে সুভাষ বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেয়া তথ্যের ওপরই পরিচালনা পর্ষদের কার্যক্রম নির্ভর করে। “এ ক্ষেত্রে আমাদের কোনো এখতিয়ার নেই। ব্যবস্থাপনা পর্ষদ যে তথ্য দেয়, আমরা সেভাবেই পলিসি তৈরি করি।” ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই ঘটনায় পরিচালনা পর্ষদকে ভুল পথে পরিচালিত করেছে বলে অভিযোগ করেন সুভাষ; যদিও প্রধান বিরোধী দল বিএনপির দাবি, এই কেলেঙ্কারিতে পরিচালনা পর্ষদও জড়িত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা উদ্ঘাটিত হয়। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই নেয় আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ। সুভাষ বলেন, “ব্যাংক ঋণ দেয়ার তিনটি শ্রেণী রয়েছে। কম ঝুঁকি, মধ্যম ঝুঁকি ও উচ্চ ঝুঁকি। হলমার্ক গ্রুপকে কোন বিবেচনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কম ঝুঁকি শ্রেণীতে দেখিয়ে ঋণ দিয়েছে, তা আমার বোধগম্য নয়।” “বলা হচ্ছে তাদের বৈধভাবে ঋণ দেয়া হয়েছে। সেক্ষেত্রে ঋণের মঞ্জুরীপত্র কোথায়”, প্রশ্ন করেন সুভাষ সিংহ। রাষ্ট্রায়াত্ত সর্ববৃহৎ এই ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সরকারের ‘শত্রুপক্ষ’ আখ্যায়িত করে ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক এই সদস্য বলেন, “সরকার শত্রুদের সঙ্গে বসবাস করছে। এদের চিহ্নিত করা উচিৎ।” সুভাষ সিংহের পাশাপাশি বুধবার দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জান্নাত আরা হেনরিও। তিনি সাংবাদিকদের বলেন, “ঋণ অনুমোদনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদের কোনো এখতিয়ার নেই, এটি ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব।” হলমার্ক গ্রুপকে ঋণ দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব কাজ করেনি বলেও দাবি করেন গত সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের একটি আসনে আওয়ামী লীগের এই প্রার্থী। সোনালী ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কে এম জামান হলমার্কের ঋণগ্রহণকে ‘অবৈধ আর্থিক লেনদেন’ হিসেবে অভিহিত করে সাংবাদিকদের বলেন, এই লেনদেনের আগে ব্যবস্থাপনা কমিটি পরিচালনা পর্ষদের কোনো অনুমোদন নেয়নি। পাশাপাশি নিরীক্ষা প্রতিবেদনেও সঠিক তথ্য ছিল না উল্লেখ করে তিনি বলেন, “আমরা নিরীক্ষা প্রতিবেদনে যা দেখেছি, তা ঠিকঠাক ছিল না। আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো তথ্যও সেখানে ছিল না।” “আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কিন্তু অডিট কমিটির কাছে ব্যাবস্থাপনা কমিটি এ সংক্রান্ত কোনো তথ্য না দেয়ায় এক্ষেত্রে কমিটির কোনো দায় নেই,” সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন জামান। বুধবার সুভাষ, জান্নাত ও জামানসহ পরিচালনা পর্ষদের ছয় সদস্যকে বুধবার জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। অন্য তিনজন হলেন- এএসএম নাঈম, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত ও মো. আনওয়ার শহীদ। পরিচালনা পর্ষদের সাবেক তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের কমিশনার এম বদিউজ্জামান সাংবাদিদের বলেন, এই ঋণ মঞ্জুরির ক্ষেত্রে তাদের দায়িত্ব কতটুকু এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তাদের দিক-নির্দেশনায় কোনো গাফিলতি ছিল কি না, তা জানার জন্যই তাদের ডাকা হয়েছিল। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া গেছে কি না- জানতে চাওয়া হলে কমিশনার বলেন, “আজ তারা যে তথ্য দিয়েছেন, তা আমরা পরীক্ষা করব। এরপরই এ বিষয়ে আপনারা জানতে পারবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এমআই/২০০৬ ঘ.