ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পক্ষ থেকে কোনো মামলা করা হবে না বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত।
তিনি বলেছেন, এই বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে এবং তারাই মামলা করবে।
মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে হলমার্ক কেলেঙ্কারি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন প্রদীপ কুমার।
এদিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সন্দেহভাজন সবাইকে জিজ্ঞাসাবাদের পর দেয়া প্রতিবেদনের ভিত্তিতেই মামলা করা হবে।
তিনি বলেন, “ইতোমধ্যে সন্দেহভাজন অধিকাংশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরো কয়েকজন বাকি রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তদন্তকারীরা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। তার ভিত্তিতেই মামলা করা হবে।”
এর আগে অর্থ মন্ত্রণালয় মামলা করতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।
প্রদীপ কুমার বলেন, “আমরা (ব্যাংক কর্তৃপক্ষ) আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ব্যাংকের পক্ষ থেকে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছি। আইনজীবীরা আমাদের বলেছেন, ব্যাংকের পক্ষ থেকে মামলা না করে দুদক করলেই ভালো হবে।”
‘মোদাচ্ছেরকে তলবের প্রয়োজন নেই’
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে গঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে সংসদীয় কমিটি তলব করবে না। তার বিরুদ্ধে হলমার্ক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
“সে কারণেই স্বাস্থ্য উপদেষ্টাকে কমিটির বৈঠকে তলব করার কোনো প্রয়োজন নেই,” বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় আমরা যাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, তারা কেউ বলেননি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা এ ঘটনাকে প্রভাবিত করেছেন।”
“তবে তদন্তের স্বার্থে শুধু সৈয়দ মোদাচ্ছের আলীই নয়, যে কোনো সময় যে কাউকে তলব করা হতে পারে,” যোগ করেন তিনি।
তাজুল জানান, হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে শিগিগিরই তলব করা হবে।
সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে হলমার্কের আড়াই হাজার কোটি টাকা ঋণ নেয়া নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরুর পর দুর্নীতি দমন কমিশন তদন্তের উদ্যোগ নেয়।
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রথম দফায় ৩১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ২৩ জন সোনালী ব্যাংকের কর্মকর্তা এবং বাকি আট জন হলমার্কের কর্মকর্তা।
দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদে হাজির হতে ৩০ জনকে চিঠি পাঠিয়েছে দুদক। তাদের জিজ্ঞাসাবাদও চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসডাব্লিও/এমআই/২২৩০ ঘ.
bdnews24