২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর বিবরণী জমার সময় বাড়ানোর দাবি

আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সোমবার সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়াতে ইতোমধ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সুপারিশ করা হয়েছে।” আয়কর অধ্যাদেশ অনুযায়ী বিবরণী দাখিলের জন্য সেপ্টেম্বর নির্ধারিত মাস হলেও প্রতিবছরই মাসের শেষের দিকে এসে এফবিসিসিআইসহ ব্যবসায়ী সংগঠনগুলো বিবরণী জমার মেয়াদ বাড়ানোর দাবি জানায়। রাজস্ব বোর্ডও তাতে সাড়া দিয়ে প্রতিবারই মেয়াদ বাড়ায়। গতবারও ১৬ অক্টোবর পর্যন্ত আয়কর বিবরণী জমার সময় বাড়ানো হয়েছিল। সময় বাড়ানোর ক্ষেত্রে এফবিসিসিআই যুক্তি দেখিয়েছে, চলতি অর্থবছরের বাজেটে আনা আয়কর আইনের পরিবর্তনগুলোর বিষয়ে পরিপত্র দেরিতে প্রকাশের কারণে বহু করদাতার পক্ষে নির্ধারিত সময়ে আয়কর বিবরণী দাখিল করা সম্ভব হয়ে উঠবে না। এছাড়াও কর অঞ্চল ও কর আপিল অঞ্চলগুলোর অধিক্ষেত্রের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো করদাতারা জানতে পারেনি বলেও বিবৃতিতে বলা হয়। আয়কর বিবরণী জমার সময় বাড়াতে সরকারের কাছে সুপারিশ করার জন্য ব্যবসায়ী মহল থেকে এফবিসিসিআইকে অনুরোধ জানানো হয়েছে বলেও জাননো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/১৭৫১ ঘ.