ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফেরার ঘোষণা দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে এ প্রকল্পের আরেক ঋণদাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
সোমবার এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার সন্তোষজনকভাবে শর্তপূরণ করায় বিশ্ব ব্যাংক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে অর্থয়নের যে সিদ্ধান্ত জানিয়েছে, তাতে এডিবি আনন্দিত। বাংলাদেশের মানুষ এবং পুরো অঞ্চলের জন্যই এটি একটি সুখবর।”
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছে।
পদ্মা সেতুর গুরুত্ব বোঝাতে গিয়ে একে একটি ‘আইকনিক প্রোজেক্ট’ হিসাবে উল্লেখ করে বিবিৃতিতে বলা হয়, “মানুষের জীবন বদলে দেয়ার পাশাপাশি বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের অসাধারণ সম্ভাবনা সৃষ্টি করতে পারে এই সেতু।”
দুর্নীতির অভিযোগ তুলে এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করে গত বছরের সেপ্টেম্বরে চারটি শর্ত দিয়েছিল বিশ্ব ব্যাংক। তা পূরণ হয়নি জানিয়ে গত ২৯ জুন ১২০ কোটি ডলারে ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি।
এরপর সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে নানামুখী তৎপরতা শুরু করে। সমালোচনার মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন, ছুটিতে যান সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন। প্রকল্প থেকে সরানো হয় ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে।
সব শর্ত পূরণের পর গত ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যংক।
এ বিষয়ে এডিবি বলেছে, “দুর্নীতির অভিযোগসহ সার্বিক বিষয়গুলো বাংলাদেশ গুরুত্বের সঙ্গে নেয়ায় এডিবি সন্তুষ্ট। এ প্রকল্পকে এগিয়ে নিতে সাহসের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেয়ায় এডিবি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাচ্ছে।”
অন্য ঋণদাতা সংস্থার সঙ্গে মিলে পদ্মা সেতু নির্মাণে এডিবি বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/জেকে/১৬০৪ ঘ.
bdnews24