ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী শিল্পপতিদের দাবির মুখে ঋণ শ্রেণীকরণ, পুনঃতফসিল ও প্রভিশনিং সংক্রান্ত নীতিমালা আরো শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোকে ‘মন্দ’ বা ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে ১৫ শতাংশ হারে সাধারণ প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে। প্রভিশনিংয়ের ক্ষেত্রে সব পর্যায়ে তিন মাস করে সময় বাড়ানো হয়েছে।
এছাড়া অগাস্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বর থেকে এই নীতিমালা কার্যকর করার কথা বলা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে দুটি আলাদা সার্কুলার জারি করে। রোববারই সেগুলো সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
গত ১৪ জুন ঋণ শ্রেণীকরণ ও পুনঃতফসিল নীতিমালায় পরিবর্তন এনে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন সংগঠন তা বদলানোর দাবি জানায়।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভর্নর আতিউর রহমানের সঙ্গে দেখা করে নীতিমালা পরিবর্তন দাবি তুলে ধরেন।
তাদের দাবি মেনে কেন্দ্রীয় ব্যাংক যে নতুন নীতিমালা জারি করেছে তাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের খেলাপী ঋণ পুনঃতফসিলের জন্য ১ শতাংশের পরিবর্তে দশমিক ২৫ শতাংশ হারে ‘ডাউনপেমেন্টের’ শর্ত দেয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, ঋণের বকেয়া থেকে সুদ স্থগিত হিসাব এবং যোগ্য জামানতের মূল্য বাদ দিয়ে প্রভিশনের ভিত্তি নির্ণয় করে তার ওপর নির্ধারিত হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। সংরক্ষিত প্রভিশন এবং ঋণের বকেয়ার ১৫ শতাংশের মধ্যে যেটি বেশি হবে, প্রভিশন সংরক্ষণ করতে হবে তার ওপর।
এর মধ্য দিয়ে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের পরিমাণ পাঁচ শতাংশ কমানো হলো। আগে এর পরিমাণ ছিল ২০ শতাংশ।
এছাড়া এসএমই খাতে বিতরণ করা ঋণ খেলাপী হলে তার বিপরীতে দশমিক ২৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে, আগের নীতিমালায় যা ছিল ১ শতাংশ।
ঋণ পুনঃতফসিলীকরণ
অপর সার্কুলারে ঋণ পুনঃতফসিলীকরণের ক্ষেত্রে সব ধরনের ঋণের পুনঃতফসিল করার মেয়াদে বড় ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৪ জুনের সার্কুলারে বলা হয়েছিল, ঋণ খেলাপী হওয়ার ১৮ মাসের মধ্যে প্রথমবার পুনঃতফসিল করতে হবে। নতুন আদেশে তা করা হয়েছে ২৪ মাস (২ বছর)।
দ্বিতীয় ও তৃতীয়বার পুনঃতফসিলের ক্ষেত্রে এই সময় এক বছর ও ৯ মাস করা হয়েছে।
তবে পুনঃতফসিলের সময়ের মধ্যে অবশ্যই যাবতীয় মূল ও সুদ পরিশোধ করতে হবে।
খেলাপি ঋণ পুনঃতফসিলীকরণের জন্য ডাউন পেমেন্ট বা এককালীন অর্থ পরিশোধের কিছু শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রথমবার পুনঃতফসিল করার ক্ষেত্রে বকেয়া পরিমাণের ১৫ শতাংশ অথবা মোট ঋণের ১০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেটি নগদ অর্থে পরিশোধ করতে হবে।
দ্বিতীয়বার পুনঃতফসিলের ক্ষেত্রে বকেয়া পরিমাণের ৩০ শতাংশ অথবা মোট ঋণের ২০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেটি নগদ অর্থে পরিশোধ করে তারপর আবেদন করতে হবে।
আর তৃতীয়বারের ক্ষেত্রে বকেয়া পরিমাণের ৫০ শতাংশ অথবা মোট ঋণের ৩০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ নগদ দিয়ে পুনৎতফসিলের আবেদন করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১০১৫ ঘ.
bdnews24