২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ সামসুল বারীকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সদস্যও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ সামসুল বারীকে প্রধান করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি (সার্চ কমিটি) গঠন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে অপসারণের পর শূন্য ওই পদে নিয়োগের বিধান পরিবর্তন করে আইন সংশোধনের পর বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই কমিটি গঠন হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে পরিচালনা পর্ষদের এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। সিলেকশন (সার্চ) কমিটি গঠনের তথ্য জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সপ্তাহে এই কমিটির কার্যপরিধি চূড়ান্ত করা হবে।” পেশায় আইনজীবী সামসুল বারী নেতৃত্বাধীন কমিটির সদস্য হিসেবে ক্ষুদ্র ঋণদানকারী এই ব্যাংকের সদস্যদের মাধ্যমে নির্বাচিত পরিচালকদের অন্যতম তাহসিনা খাতুনকেও রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক বাকী খলিলী, সাবেক আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শিরিন আকতার মইনুদ্দিন ও বেসরকারি ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহ আলম সরওয়ার। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের বিল মঙ্গলবার জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ডের সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয় বোর্ডের চেয়ারম্যানকে। এরপরই চেয়ারম্যান মোজাম্মেল হক নির্বাচন কমিটি গঠন করেন। সংশোধিত আইনে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া এবং যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। নির্বাচন কমিটি আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে তিনজনের একটি প্যানেল মনোনীত করে তা ব্যাংকের পরিচালনা পর্ষদে জমা দেবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এর মধ্য থেকে একজনকে নিয়োগ দেবে পরিচালনা পর্ষদ। বিভিন্ন মহল এই আইন সংশোধনের বিরোধিতা করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ আরো স্বচ্ছ করতে এবং নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসনে এই সংশোধন আনা হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা মুহাম্মদ ইউনূসের অভিযোগ, সরকার প্রতিষ্ঠানটিকে করায়ত্ত করতেই এই সংশোধন করছে। বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে গত বছর সরকার ইউনূসকে সরালেও তার সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ, দেশে বিরোধিতা করছে প্রধান বিরোধী দল বিএনপি। ইউনূসকে অপসারণের পর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদে নতুন নিয়োগ দেয়া হয়নি। এক বছর ধরে গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিটি গঠনের দীর্ঘসূত্রতার জন্য সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সহকর্মীদের সমালোচনার মুখে পড়েন বলে সংবাদপত্রে খবর ছাপা হয়েছে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংসদে পাসের আগে গত ২ অগাস্ট মন্ত্রিসভা অনুমোদন করে। এরপর ২২ অগাস্ট সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশ প্রণয়ন ও জারি হয়। পরে নিয়ম অনুযায়ী তা সংসদে পাস করিয়ে নেয়া হয়। ইউনূসসহ আইন সংশোধনের বিরোধিতাকারীরা বলে আসছেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সরকার মনোনীত চেয়ারম্যানের ক্ষমতা বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়বে। বিএনপি ঘোষণা দিয়েছে, তারা ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের এই সংশোধনী বাতিল করা হবে। ১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হয়। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে। ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। গ্রামীণ ব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর কার্যক্রমে নানা ‘অসঙ্গতির’ তথ্য উঠে আসে ওই কমিটির প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২২০৯ ঘ.