২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ সেকেন্ড পালস্ কেন হল না, দুই অপারেটরকে চিঠি

নির্ধারিত সময়ে ১০ সেকেন্ড পালস্ এবং ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন না করায় দুই মোবাইল ফোন অপারেটরকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে ১০ সেকেন্ড পালস্ এবং ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন না করায় দুই মোবাইল ফোন অপারেটরকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার বিটিআরসি সহকারী পরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ) মো. মাহফুজুর আলম স্বাক্ষরিত নোটিস বাংলালিংক ও গ্রামীণফোনকে পাঠানো হয়। দুটি বিষয়ে বাংলালিংক ও গ্রামীণফোনকে দুটি করে নোটিস দেয়া হয়। তবে দুই অপারেটরের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ১০ সেকেন্ড পালস ইতোমধ্যে কার্যকর করেছেন এবং তা বিটিআরসিকে জানানো হবে। দুই অপারেটরকে দেয়া নোটিসের একটিতে বলা হয়, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০ সেকেন্ড পালস্ এবং ফ্লাট রেট ট্যারিফ পুরোপুরি বাস্তবায়ন করেনি। নির্দেশনা ভঙ্গ করার ব্যাখ্যা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনে জানানোর জন্য নির্দেশ দেয়া হল।” বাংলালিংকের সিনিয়র ডিরেক্টর (গভর্নমেন্ট অ্যান্ড রিলেশন্স) জাকিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলালিংক ১০ সেকেন্ডে পালস্ বাস্তবায়ন করে ফেলেছে। এ বিষয়ে সময় অনুযায়ী বিটিআরসিকে জানানো হবে।” গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যায়োর্স অফিসার মাহমুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ গ্রাহকদের জন্য ১০ সেকেন্ড পালস্ বাস্তবায়ন প্রায় শেষ হয়ে গেছে।” “গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় কিছুটা বেশি সময় প্রয়োজন হয়েছে এবং এ বিষয়ে বিটিআরসিকে জানানো হয়েছে,” বলেন তিনি। দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে দেশে প্রায় ৯ কোটির বেশি মোবাইল সংযোগ রয়েছে, এর মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি গ্রামীণফোন ও বাংলালিংকের গ্রাহক। গত ২ অগাস্ট সব ধরনের প্যাকেজে ১০ সেকেন্ড পালস্ হারে টাকা কাটতে ছয়টি মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেয় নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। ২৯ অগাস্ট মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মিনিটে ভিন্ন ভিন্ন রেটে কলচার্জ আদায় করা যাবে না বলে নির্দেশনা জারি করা হয়। ১০ সেকেন্ড পালস্ বাস্তবায়ন না করে ১৫ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে গৃহীত অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে দিয়ে কমিশনকে প্রতিবেদন দিতেও গ্রামীণফোন ও বাংলালিংককে বলেছে বিটিআরসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২১০৮ ঘ.