২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সোনালী ব্যাংকের অডিটে অনিয়ম ছিল’

হলমার্ক নিয়ে সোনালী ব্যাংকের নিরীক্ষায় অনিয়ম ছিল বলে দাবি করেছেন রাষ্ট্রায়াত্ত এই ব্যাংকের দিলকুশা শাখার সহকারী মহাব্যবস্থাপক কামরুল হোসেন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক নিয়ে সোনালী ব্যাংকের নিরীক্ষায় অনিয়ম ছিল বলে দাবি করেছেন রাষ্ট্রায়াত্ত এই ব্যাংকের দিলকুশা শাখার সহকারী মহাব্যবস্থাপক কামরুল হোসেন খান। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া এই কর্মকর্তা সাংবাদিকদের কাছে তার মত জানান। কামরুল হোসেন বলেন, “নিয়ম অনুযায়ী যে কোনো কর্পোরেট ব্যাংক শাখায় ছয় মাস পর পর অডিট হওয়ার কথা। কিন্তু আমরা ২০১১ সালের এপ্রিলে রূপসী বাংলা শাখায় অডিট করতে গিয়ে দেখতে পাই, দেড় বছর ধরে ওই শাখায় কোনো অডিট হয়নি।” হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল (পুরনো শেরাটন) শাখা থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তোলার অভিযোগ ওঠার পর দুদক তার তদন্ত শুরু করে। এই তদন্তের অংশ হিসেবে বিভিন্ন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের ধারাবাহিকতায় বৃহস্পতিবার কামরুলকে তলব করে দুদক। কামরুল জানান, ২০১১ সালে তিনি ব্রাঞ্চ ইন্সপেক্টর ছিলেন। “নিয়ম অনুযায়ী অডিট শেষ করতে ৩০ দিন সময় দেয়ার কথা থাকলেও আমাদের মাত্র ১০ দিন সময় দেয়া হয়েছিল,” বলেন তিনি। “এই সময়ের মধ্যে অডিট সম্পন্ন করায় হলমার্কের অর্থ কারসাজি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখার সুযোগ পাইনি,” নিজের নির্দোষিতার পক্ষে এই বক্তব্য তুলে ধরেন এই কর্মকর্তা। তিনি দাবি করেন, নিরীক্ষার সময় বাড়াতে কর্তৃপক্ষকে চিঠি দেয়া হলেও কোনো জবাব পাননি। জিজ্ঞাসাবাদের জন্য কামরুল হোসেন ছাড়াও সোনালী ব্যাংক দিলকুশা শাখার আরো পাঁচ কর্মকর্তাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই কর্মকর্তারা হলেন- উপ মহাব্যবস্থাপক এ এইচ এম আবু জাফর, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা কে ডব্লিউ সাহিদা খানম, নির্বাহী কর্মকর্তা ইকরামুল হক মন্ডল, এস এইচ আব্দুল লতিফ, মো. আনিসুজ্জামান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের জানান, হলমার্কে অর্থ কারসাজির ঘটনায় এখন পর্যন্ত মোট ৬১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এর মধ্যে সোনালী ব্যাংক কর্মকর্তা রয়েছেন ৫১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এমআই/১৬৩৫ ঘ.