২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদাচ্ছেরের জিজ্ঞাসাবাদ ‘হয়ে গেছে’

হলমার্কের অর্থ কেলেঙ্কারি ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টাকে ‘ইতোমধ্যে’ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্কের অর্থ কেলেঙ্কারি ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে ‘ইতোমধ্যে’ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “আমার মনে হয়, ইতোমধ্যে তাকে (মোদাচ্ছের আলীকে) জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে।” তবে কবে কোথায় উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে- এ প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, “বিষয়টি তদন্ত কর্মকর্তারাই ভাল বলতে পারবেন।” সম্ú্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা ধরা পড়ে। এর মধ্যে হলমার্ক গ্রুপই তুলে নেয় আড়াই হাজার কোটি। সোনালী ব্যাংকের যে শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরানোর ওই ঘটনা ঘটেছে, সেই শাখায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার যাতায়াতের খবর কয়েকটি দৈনিক পত্রিকায় আসে। এসব প্রতিবেদনে বলা হয়, মোদাচ্ছের আলীর প্রভাবেই হলমার্ক গ্রুপ নিয়ম ভেঙে ঋণের টাকা তুলে নেয়। এ বিষয়ে প্রয়োজনে উপদেষ্টা মোদাচ্ছেরকে দুদকে তলব করা হতে পারে বলে বুধবারও সাংবাদিকদের জানান চেয়ারম্যান। মোদাচ্ছের আলীকে দুদকের বাইরে জিজ্ঞাসবাদ করা হয়েছে কিনা, আর তা কেন করা হলো- এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, “আমাদের উদ্দেশ্যে জিজ্ঞাসাবাদ। তিনি যেখানে স্বস্তি বোধ (কমফোর্ট ফিল) করেছেন, খুব সম্ভবত সেখানেই তাকে জিজ্ঞসাবাদ করা হয়েছে।” দুদক কার্যালয়ের বাইরে জিজ্ঞাসাবাদ করে উপদেষ্টাকে কোনো বিশেষ সুবিধা দেয়া হল কি না- জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “তাকে কোনো বিশেষ সুবিধা দেয়া হয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/জেকে/১৫৫৫ ঘ.