২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জট খুলে যাচ্ছে পদ্মার

বিশ্ব ব্যাংকের চার শর্তের ‘শেষ শর্ত’ নিয়ে ওয়াশিংটনে আলোচনা হওয়ার পর পদ্মা সেতু প্রকল্পে বহুজাতিক এ দাতা সংস্থাটির ফিরে আসার পথ তৈরি হয়েছে। আবদুর রহিম হারমাছিরপ্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব ব্যাংকের চার শর্তের শেষ শর্ত নিয়ে ওয়াশিংটনে আলোচনা হওয়ার পর পদ্মা সেতু প্রকল্পে বহুজাতিক এ দাতা সংস্থাটির ফিরে আসার পথ তৈরি হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, এ বিষয়ে বিশ্ব ব্যাংকের ঘোষণা আসছে ‘যে কোনো মুহূর্তে’। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে আসার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে এসেছে। বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে এ ব্যাপারে ঘোষণা আসবে। তারা এ ব্যাপারে ঘোষণা দেয়ার পরই সরকারের পক্ষ থেকে আমরা ঘোষণা দেব।” বুধবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে অর্থায়ন নিয়ে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠকে অংশ নেন। এ প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, “আমাদের একজন উপদেষ্টা ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে ইতিবাচক একটি খবর আমাদের কাছে এসেছে।” “আশা করছি, বিশ্ব ব্যাংক দু’একদিনের মধ্যে আমাদের আনুষ্ঠানিক একটি ঘোষণা দেবে”, বলেন মুহিত। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার চুক্তি স্থগিত করে। এরপর চারটি শর্ত দিয়ে তা পালিত হয়নি জানিয়ে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। ফলে এ প্রকল্পের অপর ঋণদাতা এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলারের প্রতিশ্রুতিও আটকে যায়। তবে সরকারের অনুরোধে এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ দুই দফা বাড়ায়। এরই মধ্যে বিশ্ব ব্যাংককে ফেরাতে সরকারের নানা উদ্যোগ চলতে থাকে। বিশ্ব ব্যাংকের শর্ত মেনে তাদের উত্থাপিত দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঞা যান ছুটিতে। শর্ত মেনে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা এবং পদ্মা প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর রহমানও ছুটিতে গেছেন বলে সরকারের একাধিক সূত্র গত মঙ্গলবার জানালেও তিনি তা অস্বীকার করে আসছেন। ‘ মসিউরের সম্পৃক্ততা থাকবে না’ মসিউর রহমানকে ছুটিতে পাঠানো হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুসহ সরকারের কোনো আর্থিক বিষয়ে মসিউর রহমানের কোনো সম্পৃক্ততা থাকবে না।” সমঝোতার জন্য সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংককেও কিছু ‘ছাড়’ দিতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। “বিশ্ব ব্যাংক প্রথমে বলেছিল, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে। আমরা বিষয়টি বার বার অস্বীকার করে তাদের কাছে তুলে ধরার পর তারা এখন সম্ভাব্য দুর্নীতির কথা বলছে। আমাদেরও কিছু বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।” ‘ হারানো সুনাম ফিরেছে’ বহুজাতিক এ দাতা সংস্থা চুক্তি বাতিল করায় দেশের সুনাম যেটুকু ‘ক্ষুণœ’ হয়েছিল, তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করায় তা আবার ‘সমুন্নত হয়েছে’ বলেও মন্তব্য করেছেন মুহিত। তিনি বলেন, “এটা একটা স্পর্শকাতর ইস্যু। দুর্নীতির অপবাদ দিয়ে বিশ্ব ব্যাংক ঋণ চুক্তি বাতিল করেছিল। আমরা তাদের সে অপবাদ প্রত্যাখ্যান করে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলেছিলাম।” বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরুর জন্য হাতে মাত্র এক বছরের মতো সময় থাকলেও বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা নিরসনে দীর্ঘ সময় লাগার কারণ ব্যাখ্যা করে মুহিত বলেন, বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে সম্প্রতি পরিবর্তন আসায় বিষয়টি পুনর্বিবেচনা করতে ‘হয়তো’ তাদের ‘একটু সময় লাগছে’। “আমি প্রত্যেক সময় বলেছি- আমি আশাবাদী। বিশ্ব ব্যাংক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আমি বার বার বলেছি। এখনও বলছি, যে কোনো সময় আমরা ইতিবাচক একটি খবর পাব।” ‘ ঘৃণাও বোধহয় কমেছে’ পদ্মা সেতুর অর্থায়ন জটিলতার মধ্যেই এক পর্যায়ে হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এক মন্তব্যের কারণে ঘরে বাইরে ব্যাপক সমালোচনায় পড়েন অর্থমন্ত্রী। সংসদে সহকর্মীদের কাছ থেকে ‘কথা কম বলারও’ পরামর্শ পান তিনি। এরপর একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ৯ সেপ্টেম্বর চীনে যান মুহিত। ফেরেন বুধবার রাতে। পরদিন সকালেই পদ্মা প্রকল্প নিয়ে ‘সুখবরে’ হাস্যোজ্জ্বল মুহিত উইমেনস চেম্বার আয়োজিত সেমিনারে দেয়া বক্তৃতার এক পর্যায়ে বলেন, “দেশের বাইরে থাকায় বেশ কিছুদিন আমি মিডিয়ায় অনুপস্থিত ছিলাম। আমার প্রতি ঘৃণা বোধহয় কিছুটা প্রশমন হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৫২৫ ঘ.