২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব ব্যাংকের ঘোষণা যে কোনো মুহূর্তে’

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ‘ফিরে আসার’ বিষয়টি ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ‘ফিরে আসার’ বিষয়টি ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে যে কোনো মুহূর্তে এ ব্যাপারে ঘোষণা আসবে। তারা এ ব্যাপারে ঘোষণা দেয়ার পরই সরকারের পক্ষ থেকে আমরা ঘোষণা দেব।” বুধবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে অর্থায়ন নিয়ে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন। এ প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, “আমাদের একজন উপদেষ্টা ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে ইতিবাচক একটি খবর আমাদের কাছে এসেছে।” “আশা করছি, বিশ্ব ব্যাংক দু’একদিনের মধ্যে আমাদের আনুষ্ঠানিক একটি ঘোষণা দেবে”, বলেন মুহিত। দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার চুক্তি স্থগিত করে। এরপর চারটি শর্ত দিয়ে তা পালিত হয়নি জানিয়ে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। ফলে এ প্রকল্পের অপর ঋণদাতা এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলারের প্রতিশ্রুতিও আটকে যায়। তবে সরকারের অনুরোধে এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ দুই দফা বাড়ায়। এরই মধ্যে বিশ্ব ব্যাংককে ফেরাতে সরকারের নানা উদ্যোগ চলতে থাকে। বিশ্ব ব্যাংকের শর্ত মেনে তাদের উত্থাপিত দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঞা যান ছুটিতে। দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ তদন্ত করতেও রাজি হয়। শর্ত মেনে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা এবং পদ্মা প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর রহমানও ছুটিতে গেছেন বলে সরকারের একাধিক সূত্র গত মঙ্গলবার জানালেও তিনি তা অস্বীকার করে আসছেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুসহ সরকারের কোনো আর্থিক বিষয়ে মসিউর রহমানের কোনো সম্পৃক্ততা থাকবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪৩০ ঘ.