ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক।
এতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলেও ইংগিত পাওয়া গেছে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তার কথায়।
ঢাকা কার্যালয়ের অফিসের ওই কর্মকর্তা বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকালে অথবা রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে একটি প্রেস রিলিজ দেয়া হতে পারে।”
কী ধরনের ঘোষণা আসছে জানতে চাইলে মৃদু হেসে তিনি বলেন, “মে বি ইতিবাচক কিছুই থাকবে।”
দুর্নীতির অভিযোগ তুলে গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেয়ার চুক্তি স্থগিত করে। এরপর চারটি শর্ত দিয়ে তা পালিত হয়নি জানিয়ে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি।
ফলে এ প্রকল্পের অপর ঋণদাতা এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলারের প্রতিশ্রুতিও আটকে যায়। তবে সরকারের অনুরোধে এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ দুই দফা বাড়ায়।
এরই মধ্যে বিশ্ব ব্যাংককে ফেরাতে সরকারের নানা উদ্যোগ চলতে থাকে। বিশ্ব ব্যাংকের শর্ত মেনে তাদের উত্থাপিত দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূঞা যান ছুটিতে। দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশন বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ তদন্ত করতেও রাজি হয়।
শর্ত মেনে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা এবং পদ্মা প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর রহমানও ছুটিতে গেছেন বলে সরকারের একাধিক সূত্র গত মঙ্গলবার জানালেও তিনি তা অস্বীকার করে আসছেন।
বুধবার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন।
বিশ্ব ব্যাংকের বিবৃতিতে ওই বৈঠকের সিদ্ধান্তই জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “আলোচনা প্রঙ্গে অর্থমন্ত্রী মন্ত্রিসভাকে বলেছেন, পদ্মা নিয়ে আলোচনা চলছে, সরকার আশাবাদী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১১৪৫ ঘ.
bdnews24