ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে ফরমালিনের ব্যবহার রোধে আইন করে তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
বুধবার রাজধানীর মালিবাগ বাজারে ফরমালিন ডি-হাইড্রেট মেশিন হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, গত দুই বছরে ফরমালিন আমদানি অর্ধেকের বেশি কমলেও আমদানির লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছ থেকে কারা এটা কিনছে তার কোনো হিসাব থাকছে না।
“ব্যবসায়ীরা কার কার কাছে কতটুকু ফরমালিন বিক্রি করছেন, তার হিসাব দিতে হবে।”
খাদ্যদ্রব্য ও ফলমূলে ফরমালিন ব্যবহার রোধের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “তাই ফরমালিনের অপব্যবহার রোধ করতে আমরা আইন করার চেষ্টা করছি।”
ফরমালিনের রোধে আইনের পাশাপাশি কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য পচনশীল পণ্যবাহী পরিবহনকে অগ্রাধিকারভিত্তিতে ছেড়ে দিতে হবে। আর পচনশীল দ্রব্য সংরক্ষণের জন্য প্রতিটি বাজারে কোল্ড স্টোরেজ চালু করতে হবে।
পণ্য পঁচে যাওয়ার ভয় না থাকলে ব্যবসায়ীরা ফরমালিন ব্যবহারের প্রয়োজন বোধ করবেন না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, “আমরা দেখেছি বিদেশ থেকে আমদানি করা ফলে বেশি কেমিকেল মেশানো থাকে।”
এজন্য আমদানি করা ফল বিমান, স্থল ও সমুদ্রবন্দরেই পরীক্ষা শেষে দেশে প্রবেশের সুপারিশ করেন তিনি।
বিদেশ থেকে আমদানি করা মাছেও ফরমালিনের আধিক্য থাকে জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ও বাজার পর্যবেক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক হেলালউদ্দিন বলেন, “এই বাজারে ১৪টি দোকানে বিদেশি মাছ বিক্রি হয়। ফরমালিন সনাক্তকরণ মেশিন চালু হওয়ায় দোকানগুলো আজ বন্ধ আছে।”
এফবিসিসিআইয়ের উদ্যোগে ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রাথমিকভাবে রাজধানীর ১০টি বাজার ফরমালিন ও কার্বাইডমুক্ত করার উদ্যোগ হিসাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালিবাগ বাজার বণিক সমবায় সমিতিকে তিনটি ফরমালিন সনাক্তকরণ মেশিন হস্তান্তর করেন মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/আরএ/১৬০০ ঘ.
bdnews24