২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহনির্মাণে এইচবিএফসি’র ২৯৮ কোটি টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) ২০১১-১২ অর্থবছরে গৃহনির্মাণ খাতে ২৯৮ কোটি আট লাখ টাকা ঋণ বিতরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) ২০১১-১২ অর্থবছরে গৃহনির্মাণ খাতে ২৯৮ কোটি আট লাখ টাকা ঋণ বিতরণ করেছে। একই সময়ে ৪৪৪ কোটি ১৫ লাখ টাকা ঋণ আদায় করেছে সংস্থাটি। এইচবিএফসি’র আঞ্চলিক ব্যবস্থাপকদের (জোনাল ও রিজিওনাল ম্যানেজার) বার্ষিক সম্মেলনে শুক্রবার এ তথ্য জানানো হয়। সংস্থার পুরানা পল্টনের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, বাংলাদেশকে আধুনিক ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করছে। এজন্য সব কর্মকর্তা-কর্মচারীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, মুক্তিযুদ্ধের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবিষ্যত বাংলাদেশের পরিকল্পনা করেছিলেন। মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংবিধান রচনা করা হয়। বঙ্গবন্ধু রাষ্ট্র ও সরকারের যে কাঠামো তৈরি করেছিলেন, তার ভিত্তিতেই দেশকে এ পর্যায়ে এগিয়ে আনা সম্ভব হয়েছে। আধুনিক বাংলাদেশ গড়তে অধিকতর পরিশ্রম করার জন্য তরুণদের প্রতি আহবান জানান এইচটি ইমাম। কর্পোরেশনের চেয়ারম্যান ইয়াছিন আলী এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম তালুকদার অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে সম্মেলনে সংস্থার সেরা দুই জোনাল ম্যানেজার ও চারজন রিজিওনাল ম্যানেজারকে সম্মাননা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭২০ ঘ.