২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয় না থাকলে মানুষ আইন মানে না’

যারা আয়কর দেয় না, তাদের আইনের আওতায় আনার পরামর্শ দিয়ে মন্ত্রী আব্দুর রাজ্জাকের এই মন্তব্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকি দিলে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী আব্দুর রাজ্জাক। শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়কর দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, “সারাদেশে বিপুল সংখ্যক মানুষের আয় বেড়েছে। তাদের ৮০ শতাংশ মানুষেরই কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই। তারা আয়কর দেন না। “কর না দিলে শাস্তির ব্যবস্থা করতে হবে। ভয়ভীতির ব্যবস্থা না থাকলে মানুষ আইন মানে না,” যোগ করেন খাদ্যমন্ত্রী রাজ্জাক। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, দেশে টিআইএনধারীর সংখ্যা ৩৫ লাখ ২৭ হাজার ৭৯২ জন হলেও করদাতার সংখ্যা ১৪ লাখের কিছু বেশি। অনুষ্ঠানে গ্রাম ও শহুরে জীবযাত্রার উন্নয়ন চিত্র এবং কর না দেওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, “আমাদের সরকার সম্পদকে গ্রামে নিয়ে গেছে। ফলে গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গতিময় অবস্থায় রয়েছে। গ্রামের অনেকেরই আয়কর দেওয়ার সুযোগ রয়েছে। এই দিকটায় আপনাদের (কর কর্মকর্তারা) নজর দিতে হবে। “শহরে অনেকের চার-পাঁচটা গাড়ি রয়েছে, অথচ কর দেন না। শহরে যেসব সুশীল সমাজ ও বিত্তশালী রয়েছেন তাদেরকেও করের আওতায় আনতে হবে।” সোনালী ব্যাংক থেকে ‘জালিয়াতির’ মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা নেয়া হলমার্ক গ্রুপের কথা উল্লে¬খ করে তিনি বলেন, “হলমার্ক গ্রুপ নাকি তিন-চার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তারাও নাকি কর দেয় না।” আয়কর আদায়ের গতি আরো বাড়াতে কর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে বলে মনে করেন রাজ্জাক। এনবিআরের হিসাবে, ১৯৭২-১৯৭৩ অর্থবছরে দেশে আয়কর আদায়ের পরিমাণ ছিল ১০ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০১১-২০১২ অর্থবছরে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা। দেশে বর্তমানে কর-জিডিপি অনুপাত ১০ দশমিক ৪৯ শতাংশ। ২০১৬ সালের মধ্যে এটা ১৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। রাজ্জাক বলেন, “উন্নত দেশে কর-জিডিপির অনুপাত ৩০ শতাংশের ওপরে। প্রতিবেশী দেশ ভারতেও এটা ১৭ শতাংশের বেশি। তাহলে আমরা কর জিডিপির অনুপাত বাড়াতে পারব না কেন?” কর দিতে উৎসাহিত করার লক্ষ্যে গত পাঁচ বছর ধরে আয়কর দিবস পালন করছে এনবিআর। শনিবারের অনুষ্ঠানে বিভিন্ন জেলার শীর্ষ এবং দীর্ঘমেয়াদি ৯৫ জন করদাতাকে পুরস্কার দেওয়া হয়। আয়কর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কারণ ব্যাখ্যা করে খাদ্যমন্ত্রী রাজ্জাক বলেন, “এ অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত কেউ থাকলে ভালো হত। অর্থমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তিনিই আমাকে এ অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করেছেন।” রোববার শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। সাতটি বিভাগীয় শহরসহ পুরনো ১৮টি জেলা শহরে এ মেলা হবে। সাতটি বিভাগীয় শহরে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর এবং জেলা শহরে এ মেলা চলবে ১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩৪১ ঘ.