২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএমইএ নির্বাচনে ভোটগ্রহণ শেষ

সংগঠনের বর্তমান সভাপতি সেলিম ওসমান নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ এবং সাবেক সভাপতি ফজলুল হক নেতৃত্বাধীন প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 04:57 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ’র আগামী নেতৃত্ব নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সংগঠনের বর্তমান সভাপতি সেলিম ওসমান নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ এবং সাবেক সভাপতি ফজলুল হক নেতৃত্বাধীন প্যানেল প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার এবং ঢাকায় বাংলা মোটরে প্লানার্স টাওয়ারে বিকেএমইএ কার্যালয়ে এই দুটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, তা চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য প্রবীর কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬৫২ জন ভোটারের মধ্যে ৯১ শতাংশ ভোট দিয়েছেন। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হবে বলে জানান তিনি। ভোটারদের মধ্যে ঢাকার ২০৩ জন, নারায়ণগঞ্জের ৪১৫ জন এবং চট্টগ্রামের ৩৪ জন। সকালে নারায়ণগঞ্জে ভোট দিয়ে সেলিম ওসমান সাংবাদিকদের বলেন, “আমি বিশ্বাস করি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।” জয়ের আশা প্রকাশ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের এই সদস্য বলেন, “বিকেএমইএ’র জন্মলগ্ন থেকে আছি। এর উন্নয়নে কাজ করেছি। আশা করছি, আমরা পূর্ণ প্যানেলে জয়ী হব।” সংসদ সদস্য নাসিম ওসমান ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই সেলিমের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্যানেলের। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেয়া হবে।” প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতা ও তিন বারের সভাপতি ফজলুল হক সকালে বলেন, “এখন পর্যন্ত ভোট গ্রহণ শান্তিপূর্ণ। তবে বাইরে একটু বিশৃঙ্খলা সৃষ্টির খবর পাওয়া গেছে।” আইনশৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে- আশা প্রকাশ করে তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা জয়ী হব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.