২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্গাচাষীদের ঋণ ফেরতে সন্তোষ গভর্নরের

বর্গাচাষীদের দেওয়া কৃষি ঋণের অর্থ যথাযথভাবে আদায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:22 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্গাচাষীদের দেওয়া কৃষি ঋণের অর্থ যথাযথভাবে আদায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বর্তমানে দেশে ফার্ম ও নন-ফার্ম দুই সেক্টরে কৃষি ঋণ দেয়া হচ্ছে। বর্গাচাষীদের প্রায় পাঁচশ’ কোটি টাকা ঋণ দেয়া হয় এবং তারা তা ফেরতও দিয়েছেন।” কৃষি ঋণ দেয়ার ক্ষেত্রে বিদেশি ব্যাংকগুলো যাতে আর কোনো গড়িমসি না করতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, “কৃষি ঋণ না দেয়ায় বিদেশি ব্যাংকগুলোকে ২৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যাতে তারা এ ঋণ দেয় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে।” রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে ‘কৃষি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন আতিউর রহমান। কৃষি ঋণ দেয়ায় গ্রাম অঞ্চলে বড় ধরনের পরিবর্তন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “গ্রাম বাংলায় পুনর্জাগরণ শুরু হয়েছে। গ্রামের মানুষের জীবনযাপনে পরিবর্তন আসছে এবং শহর ও গ্রামে জীবনযাপনের পার্থক্য কমছে।” পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য শস্যের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি। ওই আলোচনা সভায় ১০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ সময় সেখানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/১৮১৫ ঘ.