ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ও পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার মসিউর রহমান।
উপদেষ্টার দাবি, এ বিষয়ে তাকে কেউ কিছু বলেওনি।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়ন বিষয়ক এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মসিউর রহমান বলেন, “পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমি জানি না, আমার অপরাধ কি। এটা অন্যায়।”
‘পদত্যাগ বা অপরাধ’ বিষয়ে প্রধানমন্ত্রী বা অন্য কেউ কিছু বলেছেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না, আমাকে কেউ কিছু বলেননি।”
গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলার পর সরকারকে কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক। তা পালন হয়নি- এমন অভিযোগে গত জুনে অর্থায়ন বাতিল করে তারা।
তবে অর্থায়ন বাতিলের পর এই প্রকল্প নিয়ে অভিযোগের মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসাইনও ছুটিতে যান।
ঈদের ছুটির পর গুঞ্জন শুরু হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউরকেও শর্ত মেনে সরে যেতে হচ্ছে। এ নিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত ২৬ অগাস্ট মসিউর বলেন, “আমি পদত্যাগ করলে যদি ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের ঋণের সুরাহা হয় তাহলে আমি একবার কেন, দশবার পদত্যাগ করব। তবে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর সাক্ষ্য প্রমাণ দিতে হবে এবং আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।”
“যদি সরকার ও প্রধানমন্ত্রী মনে করেন- বিশ্বস্ততার সঙ্গে কাজ করছি না, তাহলে পদত্যাগ করব,” যোগ করেন তিনি।
উপদেষ্টা পদত্যাগ না করলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ফিরবে কিনা- এমন প্রশ্নের জবাবে মসিউর বলেন, “তা আমি জানি না। আমি তো আলোচনার সঙ্গে নেই।”
প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজার হয়েও বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনায় নেই কেন জানতে চাইলে তিনি বলেন, “তারা (বিশ্ব ব্যাংক) তো এখন সেটা মানে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৬১৮ ঘ.
bdnews24