২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহহীনে গৃহ দিতে সাড়ে ৩ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের

সুবিধাবঞ্চিত মানুষের গৃহায়ন সমস্যা দূর করতে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিল থেকে ৪০ এনজিওকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুবিধাবঞ্চিত মানুষের গৃহায়ন সমস্যা দূর করতে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিল থেকে ৪০ এনজিওকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হয়েছে। সোমবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর আতিউর রহমান এক অনুষ্ঠানে এনজিও কর্মকর্তাদের হাতে এই টাকার চেক তুলে দেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, ধনী ও মধ্যবিত্তদের আবাসন ব্যবস্থার জন্য প্রাতিষ্ঠানিক ঋণের ব্যবস্থা থাকলেও দরিদ্রদের জন্য তা নেই। ১৯৯৮ সালে এই তহবিলটি (গৃহায়ন) গঠনের পর এ পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৪৫০টি উপজেলায় এর ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গভর্নর বলেন, ৪৫২টি এনজিও’র মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছিল। এ বছর নতুন করে আরো ৭১টি এনজিওকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। “ফলে এখন অংশীদার এনজিও’র সংখ্যা দাঁড়াবে ৫২৩টি। চলতি বছরের অগাস্টে এ তহবিলের আওতায় এনজিওগুলোর অনুকূলে ১৩৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এই ঋণের মাধ্যমে প্রায় ৫৪ হাজার গৃহ নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।” ঋণের ১৬১ কোটি টাকা এই পর্যন্ত সরকারের কাছে ফেরত এসেছে বলেও জানান গভর্নর। এই তহবিলের আকার এখন ২৭৫ কোটি টাকার বেশি। আতিউর রহমান বলেন, “ঋণ খেলাপিদের কোনো ধরনের আনুকূল্য দেখানো হবে না। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অবস্থান খুবই দৃঢ়। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।” কেন্দ্রীয় ব্যাংকের গৃহায়ন তহবিল থেকে সোমবার যে সব এনজিও অর্থ পেয়েছে তাদের মধ্যে রয়েছে- মডার্ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিরাজগঞ্জ; সোসিও ওয়েলফেয়ার অ্যাডভান্স কমিটি, ঝিনাইদহ; জনহিতৈষী সংস্থা, পাবনা; বিল হামরা সামাজিক উন্নয়ন সংস্থা, বগুড়া; দিবা, যশোর; সংগ্রাম, বগুড়া; চেতনা মহিলা উন্নয়ন সংস্থা, বরিশাল; উষা, সাতক্ষীরা; ক্রিসেন্ট, সাতক্ষীরা; পথকলি, পটুয়াখালী; পল্লী প্রগতি সহায়ক সমিতি, ফরিদপুর; বার্ডো, ঢাকা; আউশগারা উন্নয়ন সংস্থা, জয়পুরহাট; গণকল্যাণ সংস্থা, হবিগঞ্জ; সমাজ উন্নয়ন কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া; নিডা, মানিকগঞ্জ; ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এসডিও; বাগেরহাট; অ্যাডামন্স, খুলনা; পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা, সাভার; চিরন্তনী ও শতাব্দী উন্নয়ন সংস্থা, টাঙ্গাইল; মা ও শার্ড, কুমিল্লা; পল্লী উন্নয়ন সংস্থা ও দুঃস্থ কল্যাণ সংস্থা, ঝালকাঠী; শাপলা উন্নয়ন সংস্থা ও এসডিপি, রাজশাহী; সূর্য সারথী ফাউন্ডেশন, ঢাকা। অসহায় মানুষের গৃহ সমস্যা মেটাতে ১৯৯৮ সালে (বর্তমান সরকারের আগের মেয়াদকালে) গৃহায়ন তহবিল নামে একটি সৃজনশীল কর্মসূচি গ্রহণ করা হয়। এই ঋণ প্রসঙ্গে গভর্নর আরো বলেন, “গৃহায়ন তহবিল একটি ঘূর্ণায়মান পদ্ধতিতে (রিভলভিং ফান্ড) পরিচালিত। এ তহবিল হতে গৃহীত ঋণ চক্রাকারে পরিশোধিত হলেই এর ঋণ কার্যক্রম সচল থাকবে; সম্ভব হবে অধিক সংখ্যক দরিদ্র-পীড়িত অসহায় মানুষকে এই ঋণ সুবিধার আওতায় আনা।” এনজিও কর্মকর্তাদের উদ্দেশে আতিউর বলেন, “স্বল্পসুদে (৫ শতাংশ) ও দীর্ঘমেয়াদে (১০ বছরে) পরিশোধযোগ্য এ ঋণ যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এবং উপকারভোগীগণ যেন খেলাপি না হয়ে পড়েন, সে জন্যে আপনারা কার্যকর ভূমিকা রাখবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৫৫ ঘ.