ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫০ শতাংশ থেকে ২০১৩ সালের মধ্যে ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই হার ২০২১ সালের মধ্যে নামিয়ে আনা হবে ১৫ শতাংশে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত একটি প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের মেয়াদে ২১টি মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে ৯৯টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলছে। এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলে ওই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটির এ প্রতিবেদনর ওপর আলোচনাও হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে ৩১ দশমিক ৫০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে বলে প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে।
“বর্তমানে সারা দেশে ৯৯টি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি চলছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়সহ ২১টি মন্ত্রণালয় ও বিভাগ এসব কর্মসূচি বাস্তবায়ন করছে।”
সচিব বলেন, এসব কর্মসূচির অধীনে মোট ২৪ কোটি ৭৪ লাখ মানুষ সুবিধা পাবে যে সংখ্যা দেশের বর্তমান জনসংখ্যার চেয়ে বেশি। অবশ্য প্রকৃত সুবিধাভোগীর সংখ্যা ১২ কোটির বেশি।
“একই ব্যক্তি একাধিক কর্মসূচির সুবিধা ভোগ করছে। এ ধরনের সুবিধা নেওয়া বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মন্ত্রিসভায় উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, গত ২০১০-১১ অর্থবছরে দেশের মোট জাতীয় বাজেট ছিল এক লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মোট বরাদ্দ ছিল প্রায় ২২ হাজার ৩৪৯ কোটি ২৫ লাখ টাকা। বরাদ্দ করা অর্থের মধ্যে ওই বছর মোট ব্যয় হয় ১৯ হাজার ৩১০ কোটি ৬৮ লাখ টাকা, যা জাতীয় বাজেটের ১৪ দশমিক ৮৫ শতাংশ।
সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সচিব বলেন, এ ধরনের কোনো তথ্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরবরাহ করা হয়নি। তাই মন্ত্রিপরিষদ বিভাগের কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটির প্রতিবেদনে এ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। এ বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনাও হয়নি।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃতদের মাথাপিছু আয়ের পরিমাণ ১৪ দশমিক ৫০ শতাংশ থেকে ২৮ শতাংশ বেড়েছে। এসব কর্মসূচিতে সরাসরি জড়িত নন, এমন ব্যক্তিদের আয়ও বেড়েছে প্রায় আট শতাংশ।
এ কর্মসূচির কারণে দরিদ্র শিশুদের খাদ্য চাহিদা পূরণের মাত্রা বাড়লেও পুষ্টিহীনতা এবং দুধ ও আমিষ জাতীয় খাদ্যের ঘাটতি এখনো রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রিপরিষদ সচিব।
এছাড়া গত ২০ থেকে ২৪ মে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির লাটভিয়া ও বেলারুশ সফরের ওপর মন্ত্রিসভার বৈঠকে একটি প্রতিবেদন তুলে ধরা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৫৩৪ ঘ.
bdnews24