চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনবিআর সদস্যদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতির কর্মসূচি তুলে নিয়েছে চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন।
সোমবার বিকাল চারটা থেকে চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন প্রক্রিয়াও শুরু হয়েছে।
এর আগে সকাল দশটা থেকে চট্টগ্রাম কাস্টম হাউজে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বৈঠকের পর বিকাল সাড়ে তিনটায় সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশন তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।
এরপর বিকাল চারটা থেকেই তারা কাজ শুরু করলে সচল হয় চট্টগ্রাম কাস্টমস হাউজ।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন, দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহারের পর বিকাল চারটা থেকে কাজ শুরু হয়েছে।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং হয়রানি বন্ধের দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্টরা রোববার সকাল থেকে ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করলে কাস্টম হাউসে শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে ব্যাহত হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।
এই অচলাবস্থা নিরসনে এনবিআর সদস্য (শুল্ক) নাসির উদ্দিন, সদস্য (মূসক) ফরিদ উদ্দিন ও সদস্য (শুল্ক গোয়েন্দা) ফিরোজ শাহ আলম সোমবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসেন।
এতে কাস্টমস কর্মকর্তারা ছাড়াও বন্দর ব্যবহারকারী সংগঠন চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকিএমইএ, বন্দর ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনবিআর সদস্য ফরিদ উদ্দিন বলেন, “সব পক্ষকে নিয়ে আলোচনায় দাবির বিষয়ে সমঝোতা হয়েছে। এ কারণে কর্মসূচি প্রত্যাহার করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। আজই তারা কাজ শুরু করবে।”
তিনি বলেন, সভায় সব ব্যবহারকারীদের নিয়ে একটি তদারকি কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কমিটি প্রতিমাসে একবার বৈঠকে বসে যে কোনো সমস্যা সমাধান করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদ উদ্দিন বলেন, এই সংগঠনের এক নেতাকে কাস্টমস হাউসের লাইসেন্সিং কর্তৃপক্ষ যে জরিমানা করেছে তা যথাযথ পর্যালোচনা করে নেওয়া হয়নি।
জরিমানা আরোপ করার বিষয়টি আইনগতভাবে সঠিক হলেও জাতীয় স্বার্থে এক লাখ টাকা জরিমানা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া চট্টগ্রাম কাস্টমস কমিশনারকে বদলির বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান ফরিদ উদ্দিন।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বৈঠকের পর সাংবদিকদের বলেন, “এনবিআর সদস্যদের উপস্থিতিতে আমাদের দাবি মেনে নেয়া হবে বলে জানানো হয়েছে। আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহারের পর বিকাল থেকেই কাজ হয়েছে।”
বৈঠকে চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বন্দর ট্রাক মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের নেতারাও উপস্থিত ছিলেন।
এদিকে, রোববার ও সোমবার অর্ধেক দিনে সিঅ্যান্ডএফ এজন্টদের কর্মবিরতির কারণে বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
কর্মবিরতির প্রথম দিন রোববার ৭৯৩ টি কন্টেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) এবং সোমবার বিকাল পর্যন্ত প্রায় সাড়ে তিনশ কন্টেইনার খালাস হয়েছে।
সাধারণত প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার কন্টেইনার খালাস হয়।
কর্মবিরতি প্রত্যাহারের পর বিকেল চারটা থেকে কাস্টম হাউসে শুল্কায়ন শাখাগুলোতে কাগজপত্র জমা দিতে প্রচ- ভিড় লক্ষ্য করা যায়।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য যাবতীয় দালিলিক কার্যক্রম সম্পন্ন করেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/্এইচএ/২০১৯ ঘ.
bdnews24