চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মবিরতিতে অচল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন প্রক্রিয়া চালু করতে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেছেন এনবিআর সদস্যরা।
এদিকে ছয় দফা দাবিতে সোমবারও কর্মসূচি অব্যাহত রেখেছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।
চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনবিআরের তিন সদস্য এসেছেন। তাদের উপস্থিতিতে সকাল সোয়া ১০টায় বৈঠক শুরু হয়েছে।”
চট্টগ্রাম কাস্টম হাউজ মিলনায়তনে এই বৈঠকে এনবিআর সদস্য (শুল্ক) নাসির উদ্দিন, সদস্য (মূসক) ফরিদ উদ্দিন ও সদস্য (শুল্ক গোয়েন্দা) ফিরোজ শাহ আলম ছাড়াও চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বন্দর ট্রাক মালিক সমিতি, সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত রয়েছেন।
চট্টগ্রামের কাস্টম কমিশনার মারুফুল ইসলাম বলেন, “আমরা চাই না একদিনও চট্টগ্রাম কাস্টমস হাউজে শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ থাকুক। সবার সমন্বয়ে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।”
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করে সিঅ্যান্ডএফ এজেন্টরা। ফলে কাস্টম হাউসে শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমও ব্যাহত হয়।
এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয়দফা দাবিতে আমাদের কর্মবিরতি চলছে, বৈঠকও হচ্ছে। আলোচনায় দাবি মানার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রত্যাহারের বিষয়টি আসবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২১০ ঘ.
bdnews24