২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি ভোট চান এফবিসিসিআই ভোটাররা

মনোনয়নের মাধ্যমে নির্বাচন করার রেওয়াজ বাদ দিয়ে সরাসরি ভোটের মাধ্যমে ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্ব নির্বাচিত করার দাবি জানিয়েছে সংগঠনটির ভোটারসহ একদল নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনোনয়নের মাধ্যমে নির্বাচন করার রেওয়াজ বাদ দিয়ে সরাসরি ভোটের মাধ্যমে ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের নেতৃত্ব নির্বাচিত করার দাবি জানিয়েছে সংগঠনটির ভোটারসহ একদল নেতা। আগামী ২৪ নভেম্বর সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। শনিবার রাজধানীতে সংগঠনের দেড় হাজার ভোটারের উপস্থিতিতে এই দাবি তোলেন সমাবেশের আয়োজক গণতান্ত্রিক পরিষদের নেতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক। তিনি বলেন, “আমি সভাপতি থাকার সময় আপনাদের অনেক কিছুই দিয়েছি। কিন্তু ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি। এই অধিকার ফিরিয়ে দেয়ার জন্য গণতান্ত্রিক পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ। “এই নির্বাচনে হয়তো হবে না। তবে এরপরের নির্বাচনের আগেই গণতান্ত্রিক পরিষদ আপনাদের সেই অধিকার ফিরিয়ে দেবে।” এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খোরশেদ আলী মোল্লা বলেন, “দেশে ব্যাংক কেলেঙ্কারি হচ্ছে, শেয়ারবাজারে ধস হচ্ছে। কিন্তু এফবিসিসিআইয়ের সভাপতি কোনো কথা বলতে পারেন না। কারণ তার ওপর ওহি নাজিল হয়।” ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এফবিসিসিআইয়ের সভাপতি ও অন্যান্য পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতেন। কিন্তু ২০০২ সালে সরকারি এক আদেশে এই বিধান পরিবর্তন করে কিছু পরিচালক নির্বাচিত ও কিছু পরিচালক মনোনীত করার বিধান করা হয়। সংগঠনের ৪৪ জন পরিচালকের মধ্যে ২৮ জন সরাসরি ভোটে নির্বাচিত এবং ১৬ জন বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে মনোনীত হয়ে আসেন। তারা নিজেদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচিত করেন। এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি এ কে আজাদ গত নির্বাচনে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মনোনীত পরিচালক হিসেবে সংগঠনটির সভাপতি হন। আগের একাধিক সভাপতিও এভাবে নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা এই ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। এফবিসিসিআইয়ের আরেক সাবেক পরিচালক আনোয়ার হোসেন বলেন, “যে জিনিসটা ভালো সেটা গণতান্ত্রিক সরকার কেন ফিরিয়ে দেবেন না?” অনুষ্ঠানে অধিকাংশ বক্তাই ভোটের মাধ্যমে সভাপতি ও পরিচালক নিয়োগের পক্ষে মত দেন। গণতান্ত্রিক পরিষদের নেতা আনিসুল হক নির্বাচন পদ্ধতি ফিরিয়ে আনার জন্য একটি রূপরেখা ঘোষণা করেন। তিনি বলেন, এই উদ্দেশ্য বাস্তবায়নে আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ বিষয়ক একটি সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভোটাররা থাকবেন। এরপর করা হবে গণস্বাক্ষর অভিযান। আগামী বছর ৩০ জুন প্রস্তাবটি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হবে। “তারপরেও কাজ না হলে আমরা এফবিসিসিআই থেকে গণপদত্যাগ করবো।” অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করে বলেন, “আমি সভাপতি হওয়ার ইচ্ছে পোষণ করছি। এ ব্যাপারে আপনাদের সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।” নিজেকে গণতন্ত্রের পক্ষের লোক বলেও পরিচয় করিয়ে দেন তিনি। কাজী আকরাম উদ্দিনকে মনোনীত পরিচালক করে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনের সভাপতি করার গুঞ্জন চলছে। ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, “আকরাম ভাই নিজেই বললেন, তিনি গণতন্ত্র চান। তাহলে যে ভদ্রলোক বাজারে ছড়িয়ে বেড়াচ্ছেন যে, ভোটের মাধ্যমে নয়, হাত উঠিয়ে তাকে সভাপতি করবো। তাহলে কেন তিনি এসব বলছেন?” এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির বলেন, সাবেক সভাপতি হিসেবে নির্বাচনে কোনো প্লাটফর্মে যুক্ত হওয়া আমার ঠিক নয়। আপনারা তাদের নির্বাচিত করবেন যারা আগামী প্রজন্মকে এগিয়ে নিতে পারবে। বর্তমান সভাপতি একে আজাদ বলেন, “আমরা কী প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মেনিফোস্টোতে আছে। যেগুলো পূরণ করতে পারিনি তা যাওয়ার আগে বলে যাবো।” আনিসুল হক বলেন, “এই নির্বাচনে আমরা শুনতে চাই না যে, অমুককে ফোন করে নমিনেশন পেপার প্রত্যাহার করতে বলা হয়েছে। আমরা চাই দুই থেকে তিনটা প্যানেল হোক।” অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক এফবিসিসিআই সভাপতি মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার, সহসভাপতি মো. আলী, আবুল কাশেম আহমেদ, আবু আলম চৌধুরীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/এইচএ/২৩৫২ ঘ.