ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ।
সরকারি আদেশে বুধবার দুই বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। এই পদে তিনি নাজিম আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিডিবিএল প্রতিষ্ঠার পর থেকেই অধ্যাপক ঘোষ পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার জন্য শান্তি নারায়ণ ঘোষ ব্যাংকের প্রধান কার্যালয়ে যান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া শেষ করে ১৯৬৭ সালে নারায়ণগঞ্জের তোলারাম কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন শান্তি নারায়ণ। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে যোগ দেন এবং ১৯৮২ থেকে ’৮৫ পর্যন্ত সময়ে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিযুক্ত হন এই অধ্যাপক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৯৩৫ ঘ.
bdnews24