ফরিদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার কর্মকর্তাকে মারধর করে কিস্তির টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের ফরিদপুরের খলিলপুর শাখার ব্যবস্থাপক আতাউল হক বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন বলে জানান থানার ওসি সৈয়দ মোহসিনুল হক।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের ধুলদী-রাজাপুর এলাকা থেকে গ্রামীণ ব্যাংকের খলিলপুর শাখার সহকারী ব্যবস্থাপক শাহীনুজ্জামানের (৩২) কাছ থেকে এ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
খলিলপুর শাখার ব্যবস্থাপক আতাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছিনতাইকারীরা শাহীনুজ্জামানের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে তার কাছ থেকে ঋণের কিস্তির ৭৭ হাজার ৬৫০ টাকা এবং একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে।”
আহত শাহীনুজ্জামানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/১৯২৬ ঘ.
bdnews24