ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত সরকারের অর্থনীতি বিষয়ক প্রধান উপদেষ্টা কৌশিক বসুকে প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিয়োগ দিয়েছে বিশ্ব ব্যাংক।
যুক্তরাষ্ট্রের করনেল ইউনিভার্সিটির অর্থনীতির এই অধ্যাপক বিশ্ব ব্যাংকে চীনের জাস্টিন লিনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যার মেয়াদ গত ১ জুন শেষ হয়ে গেছে।
কৌশিক বসু হচ্ছেন এই পদে উন্নয়নশীল কোনো দেশ থেকে আসা দ্বিতীয় ব্যক্তি।
লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি করা কৌশিকের হাত ধরেই দিল্লি স্কুল অব ইকোনমিক্সের যাত্রা শুরু হয়।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, “উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি কাজ করার অভিজ্ঞতা কৌশিকের রয়েছে। আমার বিশ্বাস, সে আমাদের জন্য দারুণ এক সম্পদ হবে।”
কৌশিক বসু অক্টোবরে নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৫০ ঘ.
bdnews24