২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ বিল ক্রয়ে কেন্দ্রীয় ব্যাংকের নিদের্শনা

বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় অভ্যন্তরীণ বিল ক্রয়ের (আইবিপি) ক্ষেত্রে হয়রানি এড়াতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় অভ্যন্তরীণ বিল ক্রয়ের (আইবিপি) ক্ষেত্রে হয়রানি এড়াতে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় অভ্যন্তরীণ বিল ক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে যাচাই-বাছাই করে বিল ক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা রয়েছে। এ প্রেক্ষাপটে প্রকৃত রপ্তানিকারক/সরবরাহকারীগণ সমস্যায় পড়ছেন বলে বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এরূপ বিল ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকসমূহ যাতে প্রকৃত রপ্তানিকারক/সরবরাহকারীদেরকে অযথা বিলম্ব কিংবা হয়রানি না করে সে জন্য ব্যাংকসমূহের দৃষ্টি আকর্ষণ করা হয় ওই বিবৃতিতে। বর্তমানে প্রায় সব বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত ব্যাংক (অথারাইজড ডিলার) শাখায় আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা রয়েছে। এসব প্রযুক্তিগত সুবিধা (যেমন-ফ্যাক্স, ই-মেইল, সুইফ্ট ইত্যাদি) ব্যবহার করে ব্যাংকের শাখাসমূহ অতি দ্রুততায় প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমোদন নিতে পারে। এর ফলে প্রকৃত রপ্তানিকারক/সরবরাহকারীদের সমস্যায় পড়ার কথা নয়। তা সত্ত্বেও ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে রপ্তানিকারক/সরবরাহকারীদের যাতে কোনো ধরনের বিলম্ব বা হয়রানির শিকার হতে না হয় সে বিষয়টি বাংলাদেশ ব্যাংক তদারক করছে। তারপরও কোনো রপ্তানিকারক/ সরবরাহকারী কোনো বিলম্ব বা সমস্যার সম্মুখীন হলে তা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট-এ স্থাপিত গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের ১৬২৩৬ হটলাইন টেলিফোন নম্বরে অথবা ই-মেইল, ফ্যাক্স বা লিখিতভাবে জানালে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এইচএ/২১১৮ ঘ.