২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-পথ উন্নয়নে ১৮৭৪ কোটি টাকার প্রকল্প

দেশের নৌ-পথগুলো সারা বছর সচল রাখতে এক হাজার ৮৭৪ কোটি টাকার খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নৌ-পথগুলো সারা বছর সচল রাখতে এক হাজার ৮৭৪ কোটি টাকার খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে (একনেক) এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পণ্য ও যাত্রীবাহী নৌ-যানসমুহের নির্বিঘœ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘ক্যাপিটাল ড্রেজিং’ নামে এ প্রকল্পে আওতায় দেশের ৫৩টি নৌ-রুটের মধ্যে ২৪টি রুটের প্রায় আড়াই হাজার কিলোমিটার নৌ-পথে খনন চালিয়ে সারা বছর নৌ-চলাচলের উপযোগী রাখা হবে বলে প্রকল্পের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পলি ভরাটের কারণে নদীর নাব্যতা কমে গিয়ে নদীগুলো জলযান চলাচল, সেচ ও মাছ চাষের অনুপযোগী হয়ে পড়ছে এবং বন্যার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ নৌ-পথের উন্নয়নে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। দেশে মোট নৌ-পথের পরিমাণ প্রায় ২৪ হাজার কিলোমিটার। এর মধ্যে ১৯৬৩ সাল পর্যন্ত মাত্র ৮ হাজার কিলোমিটার পথ নৌ-চলাচলের উপযুক্ত ছিল। বর্তমানে তা আরো কমে ৬ হাজার কিলোমিটারে নেমেছে। বর্ষা মৌসুমে দেশের নদ-নদীগুলোতে ২ দশমিক ৪ বিলিয়ন টন পলি পরিবাহিত হয় যা সারা বিশ্বের নদীগুলোতে পরিবাহিত পলির প্রায় ১৯ শতাংশ। এ ছাড়াও বৈঠকে ‘বাংলাদেশে চারটি নতুন মেরিন একাডেমি স্থাপনের’ একটি প্রকল্প অনুমোদন করা হয়। ৩৪২ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় বরিশাল, পাবনা, রংপুর ও সিলেটে একাডেমি স্থাপন করা হবে। সভায় ১৫৬টি উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের লক্ষ্যে ৮৮৯ কোটি টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারপ্রাপ্ত পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সভায় মোট ৪ হাজার ৬৪৮ কোটি টাকা ব্যয় সম্বলিত ৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৭৫ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং ৬৭৩ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে যোগান দেয়া হবে। অনুমোদিত অন্য পাঁচ প্রকল্প হচ্ছে, ৭১০ কোটি টাকার ইন্ট্রোডাকশন অব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অ্যান্ড মেশিন রিডেবল ভিসা (এমআরভি) ইন বাংলাদেশ (২য় সংশোধিত) প্রকল্প, ১৪৪ কোটি টাকার ইংলিশ ইন অ্যাকশন প্রকল্প, ৬৪৬ কোটি টাকার মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প এবং ৪৩ কোটি টাকার সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এএল/১৯৩৮ ঘ.