ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের একটি শাখা থেকে কয়েকটি প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার কোটি টাকা সরানোর ঘটনায় ব্যাংক কর্মকর্তারাদেরই দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, সোনালী ব্যাংকের এই ঋণের ক্ষেত্রে সার্ভিল্যান্সের (তদারকি) যে দায়িত্ব- সেটা ব্যর্থ। যার অন্য দায়িত্ব ছিল সেও তা পালনে ব্যর্থ।”
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ ২ হাজার ৬৬৮ কোটি ৪০ লাখ টাকা ঋণ তুলেছে। তাদের সঙ্গে আরো পাঁচটি প্রতিষ্ঠান মিলে তুলেছে মোট ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা।
ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের প্রায় ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।
এই ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ারও সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা নিয়ে মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক বিতর্কে জড়িয়ে পড়ে।
অর্থ কেলেঙ্কারির এই ঘটনা দেশের সংবাদমাধ্যমেও বেশ গুরুত্ব পায়।
এ বিষয়ে অর্থমন্ত্রী মুহিত বলেন, “এই যে ব্যাংকিং ক্রাইসিস। এটা কোনোভাবেই সঙ্কট নয়। ৪০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে চার হাজার কোটি টাকা নিয়েছে। এটা নিয়ে আপনারা অনেক পাবলিসিটি করছেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। ব্যাংকিং সেক্টর নিয়ে প্রশ্ন উঠছে, মনে হচ্ছে এটা ধসে চলে গেল।”
‘রোল অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন কমব্যাটিং করাপশন’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে দুর্নীতি ও দেশে দুর্নীতিবাজদের বিচার নিয়ে কথা বলেন মন্ত্রী মুহিত।
তিনি বলেন, “আমাদের দেশে দুর্নীতির বিচার হওয়ার ঘটনা খুবই কম। এর অন্যতম কারণ সাক্ষীর অভাব”
“যেমন-১৯৯৬ সালের শেয়ার বাজার কারসাজি। এ মামলার সাক্ষী নেই।”
কালো টাকার বিষয়ে তিনি বলেন, “এটা একটা সিরিয়াস সমস্যা। শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও এ সমস্যা রয়েছে।
হোটেল রূপসী বাংলায় এই গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। দুদক চেয়ারম্যান গোলাম রহমানও আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/জেকে/১৪০০ ঘ.
bdnews24