ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অর্থবছরে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৯২ কোটি ৮০ লাখ ডলার।
সোমবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্যের সারণিতে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরে তিন হাজার ১৯২ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। আর রপ্তানি হয় দুই হাজার ৩৯৯ কোটি ২০ লাখ ডলারের পণ্য। সে হিসাবে মোট ঘাটতি ৭৯২ কোটি ৮০ লাখ ডলার।
২০১০-১১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ৭৭৪ কোটি ৪০ লাখ ডলার।
এছাড়া, গত অর্থবছরের শেষে চলতি হিসাবের ভারসাম্যেও উল্লেখযোগ্য উদ্বৃত্ত ছিল, যা আগের অর্থবছরের থেকে বেশি।
সারণীতে দেখা যায়, গত অর্থবছরে চলতি হিসাবের ভারসাম্যে ১৭০ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত হয়েছে, যা আগের তুলনায় ৯৩ শতাংশ বেশি।
২০১০-১১ অর্থবছরে ৮৮ কোটি ৫০ লাখ ডলার উদ্বৃত্ত ছিল।
চলতি হিসাবে সাধারণত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। অর্থাৎ এতে নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় অন্তর্ভুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে উদ্বৃত্ত হলে বোঝায় যে, নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে বোঝায়, ঘাটতি পূরণ করতে ঋণ নিতে হয়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরো দেখা যায়, ২০০৪-০৫ অর্থবছরের পর কোনো অর্থবছরেই দেশের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।
২০০৯-১০ অর্থবছর বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে উদ্বৃত্তের পরিমাণ ছিল ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা থেকে অর্থনীতির শক্তিমত্তার কিছু আভাস পাওয়া যায়।
পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ার কারণেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে।
গত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা এক হাজার ২৮৪ কোটি ৩৪ লাখ ডলারের প্রবাসী-আয় দেশে পাঠিয়েছেন, যা এর আগের বছরের তুলনায় ১০ দশমিক ২৪ শতাংশ বেশি। ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ ছিল এক হাজার ৯৮ কোটি ৭৪ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এইচএ/২২৩০ ঘ.
bdnews24